প্রাথমিক পড়ুয়াদের মূল পুরস্কার ঈদের পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের হাতে সনদ তুলে দিচ্ছেন লিয়াকত আলী
শিশুদের হাতে সনদ তুলে দিচ্ছেন লিয়াকত আলী

খাওয়ার নয়, প্রতিযোগিতা ছিল নাচ ও অভিনয়ের। কিন্তু দুপুরে চিত্রশালার নিচতলা ও দোতলায় দেখা গেল শিশুদের জলদি খাওয়ার তাড়া। খেয়ে বিশ্রাম নিতে হবে, দেখতে হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। আর যাদের অভিনয় ও নাচ বাকী—তাদের ভেতরে চাঞ্চল্য। কিছুক্ষণ পরই বিচারকদের সামনে দাঁড়াতে হবে। 

গতকাল শনিবার ছিল প্রাথমিক পড়ুয়া শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিন। সকাল থেকেই শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন, চারুকলা ভবন ও প্রশিক্ষণ ভবনে ছিল উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্য, একক ও দ্বৈত অভিনয়ের প্রতিযোগিতা। এই দিনে অংশ নেওয়া প্রায় ৬শ পঞ্চাশ শিশুর ভেতর থেকে বেছে নেওয়া হয় বারো জনকে। ঈদের পরে এই প্রতিযোগিতার মোট তেত্রিশজনের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় পর্যায়ে দুই দিনের এ প্রতিযোগিতায় অংশ নেয় ১ হাজার পাঁচশ ষাট জন শিশু। এর আগে দেশব্যাপী ৪৮৯টি উপজেলা, ৬৪টি জেলা ও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরের পঁয়ত্রিশ হাজার স্কুলের শিশুদের ভেতর থেকে প্রতিযোগিতার মাধ্যমে এদের বেছে নেওয়া হয়। সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়া ও তৃণমূলের শিশুশিল্পীদের জাতীয় পর্যায়ে বিকশিত করার প্রত্যয়ে শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।
গত সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের প্রত্যেকের হাতে সনদ তুলে দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। প্রতিটি বিষয়ে সেরা দশজনকে দেওয়া হয় বিশেষ মান। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তাঁদের জন্য ছিল অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এখানেই নাচ ও অভিনয় পরিবেশন করে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া গতকালকের সেরা বারো শিশু।