প্রান্তজনের আলোয় আলোকিত রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঙাল আঁধার পালা নাটকের দৃশ্য
ইঙাল আঁধার পালা নাটকের দৃশ্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারের অপ্রশস্ত পরিসরে সে রাতে খুলে গিয়েছিল অনেকগুলো বাতায়ন। ইঙাল আঁধার পালার রচয়িতা ও নির্দেশক শুভাশিস সিনহা আমাদের সেই বাতায়নে উঁকি দিয়ে দেখার সুযোগ করে দিয়েছিলেন প্রেম সিংয়ের মৃদঙ্গ প্রেম, তার সংসার আর সম্প্রদায়ের মানুষের প্রাণপ্রাচুর্য। কেবল তাদের জীবনই নয়, ইঙাল আঁধার পালায় মণিপুরি নৃগোষ্ঠীর দৃষ্টিতে তাদের প্রতি বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গিও পর্যবেক্ষিত হয়েছে লেখকের রচনাশৈলীতে। ইঙাল মণিপুরি শব্দ, যার অর্থ আলো। সে সূত্রে ইঙাল আঁধার পালা এক আলো-আঁধারের গল্প।
এই নাটকে একেকটি উপাখ্যান গঠিত হয়েছে এবং তা শূন্যে মিলিয়ে পুনর্গঠন করেছে এক পূর্ণাঙ্গ আখ্যানের। আর প্রতিটি উপাখ্যানের শূন্যে মেলানো সুর আলোড়িত করেছে দর্শকদের। সেলিম আল দীনের গল্প বলার কৌশলের সমান্তরাল না হলেও ছোঁয়া অনুভব করা যায় ইঙাল আঁধার পালায়। প্রায় ২৩টি উপাখ্যানের অবতারণা হয়েছে শুভাশিসের পালায়।
প্রেম সিং গুরুর আশীর্বাদপুষ্ট হয়ে মৃদঙ্গ বাজানোতে ব্রতী হলে নটপালা শেষে যে সামান্য দক্ষিণা পায়, তা দিয়ে একদিন বাজার থেকে কিনে আনে ইলিশ মাছ। এই ইলিশ ভোজের নাটকীয়তা শেষ হতে না-হতেই প্রেম সিংয়ের স্ত্রী থৈবী তাকে স্মরণ করিয়ে দেয় যে জমিটুকু বর্গা পেয়েছে সে, ঠিকঠাক চাষাবাদ না করলে সেটাও হারাবে। থৈবীর কাছে ইলিশের স্বাদের চেয়েও মেয়ে লক্ষ্মীর জন্য খাতা-কলম-বই কিনে দেওয়ার প্রয়োজন বড় হয়ে দেখা দেয়। এরই ভেতরে একদিন কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করে নটপালা থেকে ফিরে আসে প্রেম সিং। ডাক্তার বলে দেয় আর কোনো দিনই প্রেম সিং মৃদঙ্গ হাতে মণ্ডপে দাঁড়াতে পারবে না। শরীরের সঙ্গে সঙ্গে প্রেম সিংয়ের বাদ্য প্রেমও নিশ্চল হয়ে যায়। নিরুদ্দেশে যাওয়া নন্দ ফিরে আসে মেঘালয় থেকে। লক্ষ্মীর দিকে দৃষ্টি যেতেই নন্দ তার শরীরে এক শিহরণ অনুভব করে। লক্ষ্মীও নন্দর উপস্থিতিতে বিহ্বলিত হয়। এক নিভৃত রাতে তাদের সাক্ষাৎ হয়। না বলা কথার ভেতরে তারা অনেক কথা বলে। থৈবী এ দৃশ্য দর্শনে আতঙ্কিত হয়। কারণ, নন্দ ও লক্ষ্মী একই গোত্রভুক্ত হওয়ায় তাদের বিবাহ অসম্ভব। থৈবী স্বপ্নদৃষ্ট হয় যে তার উঠানে রাস উৎসবের আয়োজন করলে তাদের সংসারে ফিরে আসবে সুখ। রাস আয়োজনের সামর্থ্য তাদের নেই। এক রাতে চুরি যায় প্রেম সিংয়ের মৃদঙ্গখানা। চেয়ারম্যান কিংবা পুলিশ কেউই প্রেম সিংয়ের মৃদঙ্গ চুরির কষ্ট অনুভব করতে পারে না। তারা বিস্ময়াভূত হয় সামান্য মৃদঙ্গের জন্য প্রেম সিংয়ের আকুতি দেখে। হঠাৎ দেখা যায় প্রেম সিংয়ের উঠানে রাস আয়োজনে ব্যস্ত থৈবী। থৈবীর সঙ্গে মহাজনের আলাপ থেকে লক্ষ্মী জানতে পারে, রাস আয়োজনের জন্য থৈবী নিজেই একজনকে দিয়ে মৃদঙ্গটা চুরি করিয়ে মহাজনের কাছে তা বেচে দিয়েছে। যে রাস তার সংসারে সুখ এনে দেবে।
এ রকম একটা আখ্যান উপস্থাপনে লেখক নির্দেশক হিসেবে শুভাশিস বেছে নিয়েছেন বর্ণনারীতি। তাঁর নিজের ভাষ্যে বলেছেন, ‘এটি মূলত বর্ণনারই নাটক। নানা মাত্রা বিন্যাসে ছন্দ গেঁথেছি। গদ্যের শরীরে কবিতার চলন ছন্দ দিয়েছি।’ তাঁর এই পরিবেশন রীতিকে সার্থক করে তোলার জন্য নাটকের শিল্পী-কলাকুশলীরা নিয়েছেন অনবদ্য ভূমিকা।
কথকের ভূমিকায় জ্যোতি সিনহা যে দাপট দেখিয়েছেন, তা নিকট অতীতে আমি ঢাকার মঞ্চে দেখিনি। অসাধারণ শৈলীতে তিনি যেমন ছন্দ উচ্চারণ করেছেন, তেমনি গীত পরিবেশনেও তিনি পারদর্শিতা দেখিয়েছেন। সুনীল সিংহ তাঁর প্রেম সিং চরিত্রটি যেমন মগ্ন হয়ে ধারণ করেছেন, আমরাও মগ্ন হয়ে দেখেছি তাঁর অভিনয়। খুবই ভালো লেগেছে নন্দ চরিত্রের সুশান্ত সিংহ ও মহাজন চরিত্রের বিধান সিংহকে। লক্ষ্মী চরিত্রে স্মৃতি সিনহার অভিনয় আমার অনেক দিন মনে থাকবে। যেমন মনে থাকবে থৈবীরূপী শুক্লা সিনহার অভিনয়।
স্বল্প আয়োজনের নাটকে বোধের মহাপ্রাণ প্রতিষ্ঠিত হলেই কেবল নাটকের সফলতা অর্জিত হয়। মণিপুরি থিয়েটারের ইঙাল আঁধার পালা তেমনই একটি নাটক।