প্রাপ্তির খাতা শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’ আয়োজনে রব ফকির, শফি মণ্ডল ও লাবিক কামাল
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’ আয়োজনে রব ফকির, শফি মণ্ডল ও লাবিক কামাল

ঘড়ির কাঁটা ২০১৫ সালের শেষ প্রান্ত ধরে হাঁটছে। বছরটাকে বিদায় জানিয়ে ২০১৬ সালকে বরণ করে নেওয়ার সময় হয়ে গেছে। ২০১৫ সালটা আমাদের সংগীতাঙ্গনের জন্য কেমন ছিল, পেছনে ফিরে তাকাতে চাই।
এ বছর আমরা ভালো কী পেলাম। সেই সোনালি দিনের মতো সবুজ কোনো গান? উল্লেখ করার মতো কোনো শিল্পী?
জানুয়ারির পথ ধরে এই ডিসেম্বরের দীর্ঘ রাস্তা চষে বেড়াই। খুঁজতে থাকি। না, উল্লেখ করার মতো কিছুই চোখে পড়ল না। বরং খুঁজে পেলাম সেই বলিউড আর টালিউডের গানের মাতামাতি, আর ভারতীয় শিল্পীদের নিয়ে টানাটানি। কনসার্ট থেকে টিভির লাইভ অনুষ্ঠান, সবখানেই একই দৃশ্য।
খুব করে বললে বলা যায়, লোক উৎসব কিংবা উচ্চাঙ্গসংগীতের জমজমাট আসর। যেখানে আনন্দদানের মাহাত্ম্য হয়তো আছে, কিন্তু প্রাপ্তির খাতা শূন্য বলা যায়।
স্মৃতি হাতড়াই। একটা সময় ছিল যখন সারা বছর থাকত অডিও অ্যালবাম প্রকাশের হিড়িক। পুরোনো আর নবীন শিল্পীদের অ্যালবাম বের করার প্রতিযোগিতা। তা থেকে যেমন খুঁজে পেতাম ভালো শিল্পী, তেমনি ভালো কিছু গান। হঠাৎ সেখানে পাইরেসির খড়্গ। অডিও ব্যবসায় নেমে এলে ধস। সাফল্যের ঘাড়ে পড়ল পাইরেসির নিষ্ঠুর আঘাত। পঙ্গু অডিও বাজার তবুও চলল প্রচেষ্টার ক্রাচে ভর করে। আবারও আঘাত। এবার মুঠোফোনে ডাউনলোড আর এমপি থ্রির বজ্রপাতে অডিও ব্যবসার সমাধি। ফলে যে শিল্পীদের পেছনে প্রযোজক ছুটতেন, সেই শিল্পীরা এখন অ্যালবাম তৈরি করে বাড়ির সেলফেই ফেলে রাখছেন কোথাও দিতে না পেরে। প্রযোজক নেই।
শিল্পীরা এখন খুঁজে নিয়েছেন নতুন উপায়। অনলাইনে গান আপলোড করে বিক্রি করা। এখন সেই পথেই হাঁটছেন তাঁরা। কি প্রবীণ, কি নবীন। সঙ্গে মিউজিক ভিডিও বানানোর বিকল্প পথ। কিন্তু সেই ভিডিও প্রচার করে দর্শক-শ্রোতার কান থেকে প্রাণে গানটাকে বসানোর প্রচেষ্টায় তারা কি সফল? সেই দিকটাও একটু ফিরে দেখার চেষ্টা করি। কিন্তু না। এ পথেও উল্লেখ করার মতো কোনো শিল্পী বা গান বেরিয়ে আসেনি। এর দুটো কারণ খুঁজে পাওয়া গেল। প্রথমটি, যে গানগুলোর মিউজিক ভিডিও প্রচার হচ্ছে বা হয়েছে, তার নির্মাণ ব্যয়বহুল বটে, কিন্তু গানটির বাণী ও সুর হৃদয়গ্রাহী হয়নি বলেই অনেকের মতামত। দ্বিতীয়টি, কেউ কেউ বলছেন, দর্শক এখন দেশি চ্যানেল থেকে বিদেশি চ্যানেলের দিকে অনেকটাই ঝুঁকে গেছেন।
একটু না বললেই নয়। এ লেখাটায় বছরের কটি অ্যালবাম বেরোল। কে উঠল, কে নামল। কে বিয়ে করলেন, কোন শিল্পীর সংসার ভাঙল—এসব নিয়ে কোনো শব্দচয়নে আগ্রহ পাচ্ছি না। নতুন বছর আমাদের সংগীতের উত্তরণের পথ কী হতে পারে, সেই ভাবনাটাই যেন এখন বেশি জরুরি হয়ে পড়েছে। এর জন্য প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। সে ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে টিভি চ্যানেলগুলো। প্রতিভা অন্বেষণ নামের বাণিজ্যে যে শিল্পীরা বেরিয়ে আসছেন, তাঁদের নিয়ে পরের পদক্ষেপগুলো দেখা যায় খুবই দুঃখজনক। এসব প্রতিযোগিতা থেকে বেরিয়ে, পথ খুঁজে না পেয়ে অনেক শিল্পীকেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে।
চোখ রাখি টিভি চ্যানেলগুলোর দিকে। ২০১৫ সালে হাতে গোনা কয়েকটি টিভি চ্যানেল দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেয়ে বিদেশি সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় যেন বেশি আগ্রহী ছিল। আমাদের দেশের শিল্পীদের বেশি সম্মানী দিতে তাদের কৃপণতা থাকলেও কোটি টাকা দিয়ে বিদেশি শিল্পী আনতে তাদের উদারতার কমতি নেই।
ঈদের সরাসরি গানের অনুষ্ঠানগুলোতে দেশি শিল্পীর চেয়ে পার্শ্ববর্তী দেশের শিল্পীদের আনার প্রবণতাই ছিল বেশি। ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। প্রশ্নটা তাই, সেই উৎসবে টিভি পর্দায় কেন বিদেশি শিল্পীদের মুখ বেশি দেখা যাবে?
তবু প্রশংসাপত্র তুলে দিতে হয় একটি কারণে। প্রতিটি চ্যানেলই আমাদের চিরসবুজ গানগুলোকে নতুন করে তুলে ধরার বিষয়ে এখন বেশ সক্রিয়। তাদের এ প্রয়াসকে সাধুবাদ। যদিও প্রায় একই মুখ বা ঘরানায় আটকে থাকছে চ্যানেলগুলো।
চিরসবুজ গানগুলো নতুন করে তুলে ধরার যে প্রচেষ্টা, সে রকমভাবে যদি নবীনদের গানগুলোকে তুলে ধরা হয়, তবে এই শিল্পীদের একটা অবস্থান তৈরি হয় বা নবীনদের কেউ কেউ বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এ কথা বলার কারণ, এখন অডিও অ্যালবামের বাজার নেই। নবীন অনেক প্রতিভাবান আছেন, যাঁরা সুযোগ না পাওয়ার কারণে দর্শক-শ্রোতার কাছাকাছি যেতে পারছেন না। দু–একটি চ্যানেল নবীনদের জন্য ছোটখাটো আয়োজন রাখলেও তা দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করার মতো নয়। নতুন বছরে নতুনের কেতন উড়বে—এই প্রত্যাশা রাখছি চ্যানেলগুলোর কাছে।