বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ-৫’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রামাণ্যচিত্র উৎসব আজ মঙ্গলবার শেষ হচ্ছে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আজ শেষ দিন তিনটি প্রদর্শনী হবে। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী প্রামাণ্যচিত্র অ্যাপ্রিসিয়েশন কর্মশালা। মোট ১৮ জন তরুণ-তরুণী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। উৎসব শুরু হয়েছিল গত ২৮ মার্চ।
গতকাল সোমবার উৎসবের চতুর্থ দিনে প্রদর্শিত হয়েছে মারা কারাডি ও রবার্ট রনচি পরিচালিত মো. রফিক আজম, সবুজ সচেতন স্থাপত্য, দিপেশ খারেল ও আসামি সাইতোর প্লেইং উইথ নান, মৃদুল মামুনের সবাই একজাত, অরিন্দম পালের আলোর মিছিল, সাইফুল ইসলামের অপেক্ষা নিরন্তর, মঞ্জুরুল হকের মৃত্যুফাঁদ, ফরিদ আহমদের হরতালনামা, সাইফুল ওয়াদুদের বাংলাদেশের হূদয় এবং সেন্টু রায়ের তোমারি তরে মা।
আজ সমাপনী দিনে সন্ধ্যা সাতটায় রয়েছে পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এ ছাড়া বেলা তিনটা ও বিকেল পাঁচটায় দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।