প্রামাণ্যচিত্র নির্মাতাদের প্ল্যাটফর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডক ল্যাব আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে একসঙ্গে অতিথি, আয়োজক ও বিজয়ীরা
ডক ল্যাব আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে একসঙ্গে অতিথি, আয়োজক ও বিজয়ীরা

ঊনবিংশ শতকের শেষের দিকে লুমিয়ের ভাইদের হাতে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু। সেই শিল্পটি আজ বিনোদন ও শিল্পের জগতে সবচেয়ে বড় প্রভাবশালী মাধ্যম। সঙ্গে সঙ্গে একটি ব্যবসাও বটে। শিল্পমাধ্যমটিতে তাই অর্থ লগ্নি একটি বড় ব্যাপার। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। যাদের প্রযোজক বলে জানি।

গোড়ার দিকে নিজেদের দেশের চলচ্চিত্রে নিজেরাই টাকা বিনিয়োগ করতেন প্রযোজকেরা। দিন দিন প্রযুক্তির কল্যাণে মানুষের যোগাযোগ বাড়ার ফলে এই প্রযোজনা হয়ে দাঁড়ায় বৈশ্বিক। এই সূত্র ধরে চলচ্চিত্রশিল্পে দাঁড়িয়ে যায় প্রযোজক ও নির্মাতাদের যোগাযোগের বিভিন্ন মাধ্যম। গড়ে ওঠে সিনেমা বাজার। এই ধরুন, কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শ দ্যু ফিল্ম’। এখানে নির্মাতা ও প্রযোজকদের যেন হাট বসে। সিনেমা ও সিনেমাবিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে আলাপ চলে। পরিচয় ঘটে নির্মাতার সঙ্গে প্রযোজকের।

উৎসবকেন্দ্রিক আয়োজন ছাড়াও বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা বিশ্বের বিভিন্ন দেশের প্রযোজকদের সঙ্গে নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেয়। প্রযোজকদের সামনে প্রকল্প উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেয়। আয়োজন করে এই বিষয়ের ওপর বিভিন্ন কর্মশালা। এমনই একটি সংগঠন বাংলাদেশের ‘ঢাকা ডক ল্যাব’। ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের আওতায় দক্ষিণ এশিয়ার প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো আয়োজন করে প্রযোজকদের কাছে প্রকল্প উপস্থাপন বিষয়ের ছয় দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা। আয়োজনটি প্রামাণ্যচিত্র নির্মাতাদের বিশ্বের বিভিন্ন প্রযোজক, টিভি সম্প্রচারক, পরিবেশক, সিনেমা বাজারের সংগঠকদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়।

‘প্রামাণ্যচিত্রে যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার শীর্ষক’ কর্মশালা নামের আয়োজনটি হয় শিল্পকলা একাডেমিতে, ৮ থেকে ১৩ সেপ্টেম্বর। আয়োজনে ছিল প্রকল্প উপস্থাপনবিষয়ক কর্মশালা, প্রকল্পটি উপস্থাপনযোগ্য করার জন্য অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ, প্রযোজকদের কাছে প্রকল্প উপস্থাপন, ওয়ান-টু-ওয়ান কথা বলার সুযোগ, বিখ্যাত নির্মাতাদের মাস্টার ক্লাস, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

উপস্থাপনের জন্য বাংলাদেশ ও ভারতের ১৩ জন নির্মাতার ১৩টি নতুন ছবির প্রকল্প নির্বাচন করা হয়। প্রাথমিক পর্যায়ে প্রকল্পগুলো নিয়ে দেশি ও বিদেশি প্রামাণ্যচিত্র বিশেষজ্ঞরা কথা বলেন নির্মাতাদের সঙ্গে। প্রকল্পটি উপস্থাপনযোগ্য করার জন্য বিভিন্ন পরামর্শ দেন তাঁরা। পরে সেগুলো উপস্থাপিত হয় প্রযোজকদের সামনে। এই যেমন ভারতের অরুণ কার্তিক তাঁর প্রকল্প উপস্থাপন করার পর প্যানেল থেকে একজন বলছিলেন, ‘তোমার উপস্থাপনা আগের থেকে অনেক ভালো হয়েছে।’ অরুণ কৃতজ্ঞতা জানান ঢাকা ডক ল্যাবকে। কারণ, গত কয়েক দিনের কর্মশালার ফল এটি। আর এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রযোজকের সঙ্গে যে পরিচয় হয়েছে, তা শোনা গেল আসাম থেকে আসা বিশ্বজিৎ দাসের কাছে। বললেন, তাঁর প্রকল্পটি প্রযোজকেরা অর্থ লগ্নির জন্য পছন্দ না করলেও প্রযোজকদের সঙ্গে যে একটা পরিচয় হয়ে গেল, এটা একটা বড় পাওয়া। বাংলাদেশের ফরিদ আহমেদ বলেন, ঢাকা ডক ল্যাব প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য সেরা একটি প্ল্যাটফর্ম। কোনো আইডিয়া নিয়ে প্রডাকশন প্রক্রিয়ার মধ্যে না গেলে টিকে থাকা কঠিন। ডক ল্যাব এই কাজটাই করছে। যেমন প্রি-প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রডাকশন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন একটা বড় প্রক্রিয়া। এই বিশাল প্রক্রিয়ার সঙ্গে নির্মাতাকে ঢাকা ডক ল্যাব যুক্ত করে দিচ্ছে।

আয়োজনে চারজন নির্মাতাকে বিভিন্ন শাখায় অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা নবীন নির্মাতাদের জন্যও একটি অনুপ্রেরণার কাজ করবে। আয়োজন উপলক্ষে বিভিন্ন দেশের বিশ্ব বিখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা, প্রযোজক, টেলিভিশন সম্প্রচারক, চিত্রপরিবেশক এবং সিনেমায় অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে নরডিস্ক ফিল্ম অ্যান্ড টিভির প্রামাণ্যচিত্র উপদেষ্টা ক্যারোলিন লিডিন, কলকাতা ডকেজের নীলোত্পল মজুমদার, লিথুনিয়ান একাডেমি অব মিউজিক অ্যান্ড থিয়েটারের অধ্যাপক অড্রিয়াস স্টোনিস, পর্তুগালের পপ ফিল্মসের পরিচালক ও প্রযোজক গ্রাকা কাস্টানহেইরা, জাপানের এনএইচকে এন্টারপ্রাইজের রয়োতা কোতানি, ডেনমার্কের হোয়াই ফাউন্ডেশনের কামিলা নিয়েলসন ও ব্রিটেনের শেফিল্ড ডক ফেস্টের সিলভিয়া বেডনার্জ উল্লেখযোগ্য।

প্রথমবারের মতো এমন একটি আয়োজন করে কী ভাবছেন আয়োজকেরা? সংগঠনটির চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ সমাপনী দিনে বলেছিলেন, ‘আজ ছয় দিনব্যাপী আয়োজনের শেষ হচ্ছে। তবে এটা শেষ নয়। কেবল শুরু হলো।’

আয়োজকদের মাঝে আছেন লুভা নাহিদ চৌধুরী, সামিয়া জামান, তারেক আহমেদ, গাউসুল আলম শাওন, এন রাশেদ চৌধুরী, সৈয়দ ইমরান হোসেন কিরমানী প্রমুখ। আয়োজনটিতে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকার, বেঙ্গল ফাউন্ডেশন ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।