প্রামাণ্যচিত্র নিয়ে আন্তর্জাতিক কর্মশালা শুরু হচ্ছে শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের চেয়ারম্যান চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দীন ইউসুফ
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের চেয়ারম্যান চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দীন ইউসুফ

সারা পৃথিবীতে বর্তমানে প্রামাণ্যচিত্রের কদর বাড়ছে। এ অবস্থায় দেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য সৃষ্টি হয়েছে নতুন সুযোগ। এবার ঢাকায় বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতাদের কাছ থেকে সরাসরি হাতে-কলমে ডকুমেন্টারি নির্মাণের কৌশল শিখবেন বাছাইকৃত তরুণ নির্মাতারা। এ লক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে রাজধানীতে অনুষ্ঠিত হবে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক এই কর্মশালা। বাংলাদেশি চলচ্চিত্রের বৈশ্বিক পরিচিতি দেওয়া ও দেশি চলচ্চিত্রনির্মাতাদের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কলাকৌশল শেখানো হবে কর্মশালায়। ‘প্রামাণ্যচিত্রের যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার’ সংক্রান্ত এ কর্মশালার আয়োজক স্বাধীন ধারার চলচ্চিত্রনির্মাতাদের নতুন সংগঠন ‘ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্ক’। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার বিকেলে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের দুই পরিচালক তারেক আহমেদ ও গওসুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের ছয়জন এবং ভারতের সাতজন নির্মাতার নির্বাচিত প্রকল্প নিয়ে আলোচনা হবে। তাঁদের চিত্রনাট্যগুলো থেকে পছন্দমতো সংগ্রহ করতে পারবেন প্রযোজকেরা। ১০ সেপ্টেম্বর পাঠদান করবেন কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক কিম ডং ওন। ‘মাস্টার ক্লাস’ শিরোনামে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই পাঠদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। অন্য শিক্ষকদের মধ্যে থাকছেন ডেনমার্কের চলচ্চিত্রনির্মাতা ক্যারোলিনা লিডিন, ভারতের নিলোত্পল মজুমদার, যুক্তরাষ্ট্রের অড্রিয়াস স্টোনিস, ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্কের পরিচালক পল পওয়েলস, পর্তুগালের পপ ফিল্মসের পরিচালক ও প্রযোজক গ্রাকা কাস্টানহেইরা এবং জাপানের রয়োতা কোতানি। আলোচক হিসেবে আরও থাকবেন সিলভিয়া বেডনার্জ, বোজানা ম্যারিক, ক্যামিলা নিয়েলসন, জেন রে এন. রাশেদ চৌধুরী, আমান আশরাফ ফয়েজ, আবু শাহেদ ইমন ও তমাল চক্রবর্তী।

ঢাকা ডক ল্যাবে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র। উদ্বোধনী দিন ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় দেখানো হবে কামার আহমাদ সায়মন নির্মিত ডকুমেন্টারি ‘আর ইউ লিসেনিং’। ৯ সেপ্টেম্বর দেখানো হবে কিম ডং ওন নির্মিত ডকুমেন্টারি ‘রিপ্যাট্রিয়েশন’। পরদিন ১০ সেপ্টেম্বর দেখানো হবে একই নির্মাতার ডকুফিল্ম ‘জুং ইল-উ, মাই ফ্রেন্ড’। ১১ সেপ্টেম্বর দেখানো হবে অড্রিয়াস স্টোনিজের ‘ওমেন অ্যান্ড দ্য গে-সিয়ার’। ১২ সেপ্টেম্বর প্রদর্শিত হবে ‘সিক্সটিনাইন মিনিটস অব এইটি সিক্স ডেজ’। ১৩ সেপ্টেম্বর প্রদর্শিত হবে মিরোস্লাভ জ্যানেকের ‘নরমাল অটিস্টিক ফিল্ম’।

এ-সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের ওয়েবসাইট <http://dhakadoclab. org/> ফেসবুক পেজ: <https://www. facebook. com/dhakadoclab/> এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে আয়োজনটির উদ্যোক্তারা। তাঁরা জানান, ছয় দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক মানের এই কর্মশালার জন্য প্রাক্কলিত বাজেট নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ টাকা। আয়োজনটি বাংলাদেশ সরকার ও বেঙ্গল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি কসমস ফাউন্ডেশন এবং ওরিয়েন্টাল সার্ভিসেস লিমিটেডও এই আয়োজনে সহযোগিতা করছে।