প্রামাণ্যচিত্র প্রকল্প জমা দেওয়ার সময় বাড়ল
ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্কের আয়োজনে ‘প্রামাণ্যচিত্রের যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার’ উদ্যোগটিতে প্রকল্প জমা দেওয়ার সময় বেড়েছে। এ-সংক্রান্ত আয়োজন ঢাকা ডক ল্যাব-এর সূত্র বলছে, প্রকল্প জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ জুলাই। এখন এটি বাড়িয়ে করা হয়েছে ৩০ জুলাই।
এই সময়সীমার মধ্যে আগ্রহী তরুণ চলচ্চিত্রকারেরা তাঁদের প্রকল্প জমা দিতে পারবেন। জমা দেওয়া প্রকল্প থেকে বাছাই করা ১৫টি প্রকল্প প্রযোজকদের কাছে উপস্থাপন করার সুযোগ পাওয়া যাবে।
উদ্যোগটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে থাকছে প্রযোজকদের কাছে প্রকল্প উপস্থাপনার কৌশল নিয়ে বিদেশি মেন্টরদের তত্ত্বাবধানে কর্মশালা। দ্বিতীয় ভাগে থাকছে প্রকল্প উপস্থাপন, আগত চলচ্চিত্রজনদের সঙ্গে নিবিড়ভাবে বৈঠকের ব্যবস্থা এবং সেরা প্রকল্পকে পুরস্কার প্রদান।
আয়োজনটি অনুষ্ঠিত হবে এ বছরের ৮ থেকে ১৩ সেপ্টেম্বর। এ ছাড়া এই আয়োজনে দক্ষিণ এশিয়ার আগ্রহী চলচ্চিত্রকারেরা অংশ নিতে পারবেন এবং ১০ জন চলচ্চিত্র নির্মাতার পর্যবেক্ষক হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে।