প্রামাণ্যচিত্র 'মৃত্যুফাঁদ'
অকালমৃত্যু কারোই কাম্য নয়। কিন্তু বড়ই বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়, যখন সড়ক দুর্ঘটনায় অকালে হারিয়ে যায় প্রিয়জনের প্রাণ। মনে পড়ে, চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনির, মিরসরাইয়ের ৪০ জন স্কুলশিক্ষার্থীর কথা। এদের কারও তো চলে যাওয়ার সময় হয়নি। কেন জোর করে তাদের প্রাণ কেড়ে নেওয়া হলো?’
গতকাল শনিবার রাজধানীর রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘জাগরী’ আয়োজিত প্রামাণ্যচিত্র মৃত্যুফাঁদ-এ এভাবেই উঠে এসেছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোদের স্বজনের মনের দুঃখ।
মঞ্জুরুল হক পরিচালিত এই প্রামাণ্যচিত্রে জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। আহত হয়ে পঙ্গু হয় গড়ে শতাধিক মানুষ।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের শেষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাথরিন মাসুদ, আইনজীবী সারা হোসেন, একরাম আহমেদ, বিআরটিএর প্রতিনিধি ওসমান আলী প্রমুখ। সবার বক্তব্যে একটাই কামনা, সড়ক দুর্ঘটনায় যেন আর অকালে ঝরে না যায় কারও প্রাণ।