প্রামাণ্যচিত্রে পরিবর্তনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা বিশ্বেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কিন্তু বাংলাদেশে কোনো গঠনমূলক পরিবর্তন কি ঘটেছে?’ এমন প্রশ্ন রেখেই শুরু প্রামাণ্যচিত্র ‘পরিবর্তন চাই’। গতকাল বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে ছিল সমাজের অসংগতি নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচক ছিলেন সুলতানা কামাল, জামালউদ্দিন আহমেদ ও আবু মুসা দেবু। শুরুতে অতিথিরা প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন করেন। এরপর প্রদর্শনী হয়।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য রাজপথের আন্দোলন দিয়ে ছবি শুরু। ‘মাতৃভাষা বাংলা চাই’ স্লোগানমুখর মিছিলে পুলিশের গুলি। প্রতিবাদী তারুণ্যের রক্তে রঞ্জিত রাজপথ। কিন্তু তাঁদের সেই প্রাণের বিনিময়ে পরিবর্তন ঘটে ভাষার। উর্দু নয়, বাংলা হয় রাষ্ট্রভাষা। কিন্তু সেই আন্দোলন আর ভাষাশহীদদের শ্রদ্ধার জন্য নির্মিত শহীদ মিনারে আমরা কতটুকু শ্রদ্ধা জানাই শহীদদের? মিনারের বেদিতে জুতা পায়ে হেঁটে চলে অনেকে অবলীলায়, স্তম্ভের পেছনে মাদকসেবীদের আড্ডা বসে। প্রামাণ্যচিত্রে এই সময়ের পরিবর্তনের আহ্বান জানানো হয়। স্লোগান ওঠে, ‘মানুষের শ্রদ্ধাবোধের পরিবর্তন চাই’। এভাবেই নানা ঘটনা তুলে ধরে পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে প্রামাণ্যচিত্রে।প্রামাণ্যচিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন শ্রাবন্ত হাবিব। এর সংগীত পরিচালনা ও ধারা বর্ণনা দিয়েছেন আবু মূসা ম. মাসুদউজ্জামান।নুরুল মোমেন জন্মোৎসববাংলাদেশের আধুনিক নাট্যধারার অন্যতম পথিকৃৎ নাট্যগুরু নুরুল মোমেনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার গতকাল ছিল তৃতীয় দিন। শিল্পকলা একাডেমী ও অরণী মোহনা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ হাসান ইমাম, স্বাগত বক্তব্য দেন অরণী মোহনা ফাউন্ডেশনের সভাপতি মাহমুদ এন মোমেন, প্রবন্ধ পড়েন সৈয়দা খালেদা জাহান। নুরুল মোমেনের রম্যরচনা থেকে পাঠ ও স্মৃতিচারণা করেন অভিনেতা আবদুল আজিজ। এরপর নুরুল মোমেন রচিত বাংলাদেশের প্রথম নিরীক্ষামূলক নাটক নেমেসিস মঞ্চায়িত হয়। মোহনা নাট্যমের পরিবেশনা ও প্রযোজনায় এতে অভিনয় করেন এস এম ইমরান হোসেন।তরুণ গবেষকদের প্রবন্ধ পাঠজাতীয় জাদুঘরের উদ্যোগে শুরু হয়েছে বছরব্যাপী প্রবন্ধ পাঠ কার্যক্রম। গতকাল কবি সুফিয়া কামাল মিলনায়তনে তরুণ গবেষকদের প্রবন্ধ নিয়ে বছরব্যাপী আয়োজিত সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও জাদুঘর প্রযত্ন বোর্ডের সদস্য মো. মতলুব আলী। জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।গবেষণা প্রবন্ধ পাঠ করেন জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের সহকারী কিপার শক্তিপদ হালদার। প্রবন্ধের শিরোনাম ‘শিল্পী নিতুন কুণ্ডুর চিত্রশিল্পে রেখা, রং ও প্রকৃতি’।খুদে চিত্রশিল্পীদের তুলিতে মুক্তিযুদ্ধের ছবিচাঁদপুর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার বিকেল থেকে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে ‘চিরঞ্জীব-৭১’ নামে শিশুদের আঁকা মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষক এনায়েতুর রহমান।‘বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে চাঁদপুরের ১১ জন খুদে চিত্রশিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। এরা হচ্ছে রিয়া সাহা, জুলফিশাহ রাবেয়া, অনির্বাণ সাহা, সামিয়া তাসনিম, জাওয়াতা আফনান, নাফিসা নওশিন, জামিলা বিনতে জাকির, মুনতাকা ইবনাত, সামিয়া আক্তার, সুলতানা রাজিয়া ও অজিত দত্ত।সিলেটে জাতীয় নাট্যোৎসব শুরুআমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার থেকে সিলেটে শুরু হয়েছে ছয় দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। সন্ধ্যায় সিলেট মিলনায়তনে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী।উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক সঞ্জয় নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঝুনা চৌধুরী, মান্নান হীরা, মিজানুর রহমান, তফাজ্জল সোহেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক ভবতোষ রায়বর্মণ ও সভাপতি সৈয়দ মনির হেলাল। নাট্য নির্দেশক মালিক আকতার ও উত্তম কুমার সিংহকে সম্মাননা দেওয়া হয়।আলোচনার পর উদ্বোধনী দিনে উৎসবের আয়োজক সংগঠন সিলেটের নবশিখা নাট্যদল গিট্টু নাটকটি মঞ্চায়ন করে। মলিয়েরের দ্য মেডিসিন মালগ্রী লুই অবলম্বনে নাটকটি রূপান্তর করেছেন গোলাম সারোয়ার এবং নির্দেশনা দিয়েছেন মালিক আকতার। এতে অভিনয় করেছেন রকিবুল হাসান, শাকিল আহমদ, তন্ময় নাথ, ফাল্গুনী বৈদ্য, তানজিমা সিদ্দিকা, মোহাম্মদ শরিফউদ্দিন, এ টি এম শামসুল হাসান, লিপ্তা রানী পাল, শরিফ মাহমুদ, মো. শামসুল আলম, আবদুর রাজ্জাক খান, তামজিদ আশরাফ প্রমুখ।আজ দ্বিতীয় দিনে সন্ধ্যা ছয়টায় বরিশালের নাট্যদল নাট্যম মঞ্চায়ন করবে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকটি।