
মসলিনের কিংবদন্তি এ দেশের মানুষের শৈশবের সঙ্গে জড়িয়ে আছে। মসলিনের স্বচ্ছতা, সূক্ষ্মতার কতই না গল্প! প্রায় তিন বছর আগে একদল মানুষ দেখতে চাইল, এগুলো আসলেই সত্য নাকি মিথ? একে একে মিলতে থাকল বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের, এক পরিচিতির।
দৃক বেঙ্গল মসলিন দলের এই পুরো যাত্রাকে একটি প্রামাণ্যচিত্রে ধারণ করা হয়েছে। লিজেন্ড অব দ্য লুম (তাঁতের কিংবদন্তি) নামের এ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল গতকাল দুপুরে, রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও দৃকের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম।
প্রামাণ্যচিত্রে দেখানো হলো, মসলিনের ২০০ বছরের ইতিহাস—কীভাবে মলমল নামের একটি কাপড় সারা বিশ্বে মসলিন নামে পরিচিত হলো; আরব, ইউরোপ, আমেরিকায় কীভাবে পৌঁছে গিয়েছিল এর সুনাম; কারা কারা ব্যবহার করতেন সূক্ষ্ম ও স্বচ্ছ মসলিন; কীভাবে মসলিন হয়ে উঠত এত সূক্ষ্ম ও স্বচ্ছ; বিশ্ব বাণিজ্যে এর প্রভাবই বা কী ছিল; কী কী কারণে হারিয়ে গেল মসলিন।
এ ছাড়া দৃক বেঙ্গল মসলিন দল কীভাবে মসলিনকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেটাও থাকল তথ্যচিত্রে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মসলিন উৎসব আয়োজনের পরে মসলিন নিয়ে একটি গবেষণামূলক বই ও কমিকস বের করেছে তারা। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পেল ৪৩ মিনিটের এই প্রামাণ্যচিত্র।
প্রামাণ্যচিত্রের গবেষণায় ছিলেন সাইফুল ইসলাম, প্রযোজনা করেছে দৃক বেঙ্গল মসলিন, পরিচালনা করেছেন টিনাইনএফএক্স। ইংরেজিতে ধারাবর্ণনা দিয়েছেন মিতা রহমান। সাইফুল ইসলাম বলেন, শিগগিরই এর বাংলা সংস্করণও তৈরি হয়ে যাবে।