
প্র্যাকটিসের বদ্ধ ঘরটা থেকে তাঁরা ঘেমে নেয়ে বের হয়ে আসতেন। তখন কেবল নতুন দশকে প্রবেশ করেছে পৃথিবী। কিন্তু বাংলাদেশের একটি ছোট্ট মফস্বল শহরের ব্যান্ড সংগীতপ্রেমীদের তাতে কি যায় আসে। তাদের সংগীতের ‘আওয়াজ’ মেনে নেবে না চারপাশের লোকেরা। তাই দরজা বন্ধ করে প্র্যাকটিস করা। টেলিভিশনে যেদিন তাঁদের দেখা যাবে, যেন সেদিনই মিলবে স্বীকৃতি।
ব্যান্ডের নাম ‘প্রায় শূন্য’। এ নাম দেওয়ার আগেই বেশ কয়েকবার ভেঙেছে দল, এসেছে নতুন সদস্য। মূলত ১৯৯২ সালে শুরু করার পর দলটিকে পেরোতে হয়েছে অনেক চড়াই-উতরাই। ঘাম ঝরেছে, জমেছে বেশ কিছু গান। বিভিন্ন অনুষ্ঠানে সেসব গেয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। মফস্বল শহর খুলনার খালিশপুরে তখন বেশ কয়েকটি ব্যান্ড। কোনো কোনোটি রাজধানীতে পাড়ি জমাতে শুরু করেছে। কোনোটি পেয়ে গেছে খ্যাতি। প্রায় শূন্য প্রস্তুতি নিতে নিতে এগোতে চেয়েছে। ২০১৬ সালে এসে তাদের মনে হয়েছে, প্রস্তুতি শেষ। প্রায় শূন্য এবার প্রস্তুত। এবারে প্রিয় গানগুলো নিয়ে বন্ধুদের জন্য তারা একটি অ্যালবাম করবে বলে ঠিক করেছেন।
কদিন আগে নিজেদের প্র্যাকটিসের ঘরে আমন্ত্রণ জানায় দলটি। ঢাকার মগবাজারের সাউন্ড মেশিনের প্র্যাকটিস ঘর। এখানে তাঁদের আর ঘামতে হয় না। দলের প্রধান কণ্ঠশিল্পী মনজুর সেদিন ‘প্রার্থনা’ গানটি গেয়ে শোনানোর পর এর পেছনের গল্পটি শোনালেন দলের প্রধান রাজু। পয়লা বৈশাখে টিএসসিতে লজ্জাজনক যে ঘটনাটি ঘটেছিল তাতে ভীষণ নাড়া খেয়েছিলেন তাঁরা। সভ্যতার এই উৎকর্ষের সময়ে এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। কিছু করাও যায় না, শুধু প্রার্থনা ছাড়া। তাই তাঁরা গেয়ে ওঠেন ‘দাও আলো জ্বেলে দাও, ওদের অন্তরে।’
ড্রামের স্টিক দুটো ঠুকে দলের ড্রামার নাজিম বলেন, আমাদের এই গানটি শ্রোতারা পছন্দ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে বেশ সাড়া মিলেছে। গিটারিস্ট জাভেদ চুপচাপ বসে ছিলেন বলে তাঁর কাছেও সমর্থন চান নাজিম, বলেন ‘কি, ঠিক না?’ আরও একটা দারুণ গান আছে দলটির। আশ্রয়ে ফিরে আসার গান। ‘পাগল’ শিরোনামের সেই গানটার দুটো লাইনও গেয়ে শোনান তাঁরা। চা পান করতে করতে দলের এই দীর্ঘসূত্রতার কথাও জানালেন। শুধু গান করে তো চলে না। জীবিকার জন্য একটি চাকরি করতে হয়েছে, পাশাপাশি গান। নতুন অ্যালবামটা বের হবে শিগগির। তাতে ‘সুন্দরবন’ নিয়েও একটা গান থাকবে—‘বনটা বাঁচতে চায়, নিজের জন্য নয়, আমাদের বাঁচাতে’। ঢাকার বাইরে থাকায় সেদিন ছিলেন না দলের লিড গিটারিস্ট টিটু।
প্রায় শূন্যের প্রস্তুতি শেষের একটিই প্রত্যাশা, এই দীর্ঘ প্রস্তুতিকে যেন শ্রোতারা ভালোবেসে গ্রহণ করে নেন।