প্রায় শেষ ‘সূচনা রেখার দিকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর মোহন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্মোলজি নিয়ে পড়াশোনা করছেন। সহপাঠী মোস্তফার সঙ্গে একটি মেসে বসবাস করেন তিনি। মোহন ও মোস্তফা দুজনই গ্রামের অবস্থাশালী পরিবারের সন্তান। হঠাৎ করে একদিন মোস্তফা এক পরিচালকের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়ে যান। কাজ শেখা শুরু করেন মোস্তফা।একদিন খবরের কাগজে বিজ্ঞাপন দেখেন তিনি—ভালো চলচ্চিত্র নির্মাণে অনুদান দেওয়া হবে। মাত্র ২৪ দিনের মধ্যেই পাণ্ডুলিপি জমা দিতে হবে। ব্যাপারটা নিয়ে মোহনের সঙ্গে আলোচনা করেন মোস্তফা। মোহন স্ক্রিপ্ট লেখার দায়িত্ব নেন। কিন্তু লিখতে গিয়ে দেখা দেয় আরেক সমস্যা।আর এই সমস্যার সমাধান করেছেন পরিচালক আখতারুজ্জামান। উপরিউল্লিখিত গল্পটি তাঁর নির্মাণাধীন চলচ্চিত্র সূচনা রেখার দিকে। অনুদানের টাকায় নির্মিত হচ্ছে ছবিটি। এরই মধ্যে আখতারুজ্জামান ছবির শুটিং প্রায় শেষ করে ফেলেছেন। ৭৫ মিনিটের মতো কাজ সম্পাদনাও করা হয়েছে।ছবির কলাকুশলীরা বেশির ভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ডের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী। পরিচালক জানিয়েছেন, ঢাকায় ছবির শুটিং করার পাশাপাশি তিনি কাজ করেছেন কুয়াকাটা সমুদ্রসৈকতে। আর মাত্র কয়েক শিফট শুটিং করা হলেই এই ছবির কাজ শেষ হবে।ছবিতে অভিনয় করেছেন খায়রুল আনাম সবুজ, এস এম মোহসীন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আফরোজা হাসান, ফখরুল হাসান বৈরাগী, ইকবাল, মোস্তফা, হারুন, সোহাগ, কাদরি, বাবু, অ্যানি, আকাশ ও স্বাগতা।দৃশ্যসূত্র প্রযোজিত এই ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন পরিচালক নিজেই। ছবির চিত্রগ্রহণ করেছেন পঙ্কজ পথিক। সম্পাদনার দায়িত্বে আছেন সাজ্জাদ। ছবির সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।প্রসঙ্গত, এর আগে ১৯৯৬ সালে অনুদানের চলচ্চিত্র পোকামাকড়ের ঘরবসতি নির্মাণ করেছিলেন আখতারুজ্জামান। এ ছবি বানিয়ে তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।সূচনা রেখার দিকে ছবি সম্পর্কে আখতারুজ্জামান বললেন, ‘ছবির গল্পের বিষয়বস্তুতে নতুনত্ব রাখা হয়েছে। নতুন ছেলেমেয়েরা যখন চলচ্চিত্র নির্মাণ করতে আসে, সুযোগ পাওয়া এবং কাজ করতে গিয়ে তাদের যে অভিজ্ঞতা হয়, সেটিই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন, তেমনি মানুষের যে চেষ্টা ও স্বপ্ন থাকে, তাকেও তুলে ধরা হয়েছে। আশা করি, ছবিটি সবার কাছে ভালো লাগবে।’