প্রিন্স, প্যারিস, ব্ল্যাংকেটের বাবা নন জ্যাকসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সন্তানের সঙ্গে মাইকেল জ্যাকসন
তিন সন্তানের সঙ্গে মাইকেল জ্যাকসন

প্রয়াত ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের তিন সন্তান হিসেবে সবাই চেনেন প্রিন্স মাইকেল, প্যারিস জ্যাকসন ও ব্ল্যাংকেটকে। তবে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে, এই তিন সন্তানের প্রকৃত বাবা জ্যাকসন নন।
সম্প্রতি প্রিন্স, প্যারিস ও ব্ল্যাংকেটের প্রকৃত বাবা হিসেবে নিজেকে দাবি করেছেন জ্যাকসনের বন্ধু ও ব্রিটিশ অভিনেতা মার্ক লেস্টার। তাঁর দাবির সত্যতা নিশ্চিত না করলেও ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মাদকাসক্ত হয়ে পড়ায় জ্যাকসনের মনে ভয় ঢুকেছিল, তিনি সম্ভবত সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন না। কিন্তু বরাবরই সুস্থ, সুন্দর ও মেধাবী সন্তানের আকাঙ্ক্ষা ছিল তাঁর। এ জন্য তিনি জেনেটিক প্রকৌশলের সহায়তা নিয়েছিলেন।
সূত্রটি আরও জানায়, কয়েকজনের কাছ থেকে উন্নত মানের শুক্রাণু সংগ্রহ করে পরীক্ষাগারে জ্যাকসনের সাবেক স্ত্রী ডেবি রোয়ের ডিম্বাণুর সঙ্গে কৃত্রিমভাবে নিষিক্ত করা হয়েছিল। এভাবেই প্রিন্স ও প্যারিসকে জন্ম দেন ডেবি। পরে একই উপায়ে ব্ল্যাংকেটের জন্ম দেন অজ্ঞাতপরিচয় এক নারী। জ্যাকসনকে কথা দিয়েছিলেন বলেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন প্রিন্স ও প্যারিসের মা ডেবি।