প্রিন্স মাহমুদের '২১ এ পা'

সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের প্রথম মিশ্র গানের অ্যালবাম ‘শক্তি’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। এর পর থেকে টানা ১৯ বছর ধরে ঈদে একক অথবা মিশ্র অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদে আসছে প্রিন্স মাহমুদের মিশ্র গানের নতুন অ্যালবাম। নাম রাখা হয়েছে ‘২১ এ পা’।
প্রিন্স মাহমুদ জানান, অ্যালবামটিতে মোট আটটি গান রাখার চিন্তা করছেন তিনি। গানগুলোতে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীরা কণ্ঠ দেবেন। এঁদের মধ্যে এখন পর্যন্ত তাহসান, ন্যান্সি ও তপুকে চূড়ান্ত করা হয়েছে। ১০ দিনের মধ্যে বাকি শিল্পীদের নামও চূড়ান্ত করে ফেলব।
অ্যালবামের নাম ‘২১ এ পা’ কেন জানতে চাইলে প্রিন্স মাহমুদ বলেন, ‘২১ বছরে পা দিলে তরুণ-তরুণীরা নানা ধরনের জটিলতা ও ভালো লাগার সম্মুখীন হয়। এসব তরুণ-তরুণীদের নানা ধরনের টানাপোড়েনের গল্পগুলো গানের মাধ্যমে বলা হবে বিধায় অ্যালবামের নাম ২১ এ পা রাখা হয়েছে।’
গত বছর প্রকাশ হয় প্রিন্স মাহমুদের সুর-সংগীতে সর্বশেষ মিশ্র অ্যালবাম ‘নিমন্ত্রণ’। এই অ্যালবামের গানগুলোও শ্রোতামহলে প্রশংসিত হয়।