প্রিন্স স্মরণে

সদ্য প্রয়াত মার্কিন গায়ক প্রিন্স রজার্স নেলসন সমাজসেবার সঙ্গে জড়িত ছিলেন। সমাজসেবামূলক কাজ করতে গিয়েই কাছে এসেছিলেন তিনি ও তাঁর সাবেক স্ত্রী ম্যানুয়েলা টেস্টুলিনি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নিজ বাড়িতে মারা যান সফল এই সুরকার ও সংগীতশিল্পী।
সাবেক স্বামীর স্মরণে একটি স্কুল নির্মাণের ঘোষণা দিয়েছেন ম্যানুয়েলা। প্রিন্স বেঁচে থাকতেই এই স্কুল তৈরির কথা ভেবেছিলেন তিনি। ‘আমি কয়েক দিন আগেই প্রিন্সকে জানাতে চেয়েছিলাম যে তাঁর সম্মানে আমি একটি স্কুল তৈরি করতে যাচ্ছি। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে যে এখন এই কাজ করতে হবে তাঁর স্মরণে,’ বলেন ম্যানুয়েলা।
এই ‘পার্পেল রেইন’ গায়কের সঙ্গে জীবনের খুব দারুণ কিছু সময় কাটিয়েছিলেন ম্যানুয়েলা।
ম্যানুয়েলা বলেন, ‘আমি প্রিন্সকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি তাঁকে আমার প্রিয়তম স্বামী, বন্ধু ও একজন সমাজসেবক হিসেবে চিনতাম। তিনিই আমাকে সমাজসেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছিলেন।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।