
মাটির ব্যাংকে কবিতা জমাতেন, তেমন একজন কবির কথা শোনা গিয়েছিল। এক শ টাকার নোটের আকারের সাদা কাগজে নতুন কবিতা লিখতেন তিনি। তারপর ভাঁজ করে সেগুলো ঢুকিয়ে রাখতেন মাটির ব্যাংকে। তাঁর প্রত্যাশা ছিল, মৃত্যুর পর টাকা ভেবে কেউ ভাঙুক ওই ব্যাংক। পড়ুক কবিতাগুলো। কবি জীবনানন্দ দাশের লোহার সিন্দুকের কথা তো অনেকেরই জানা। তাঁর মৃত্যুর পর কত লেখাই না সেখান থেকে বেরোতে শুরু করেছিল। সব প্রতিভাবান মানুষের বুঝি সে রকম এক গোপন সিন্দুক থাকে। তেমনই রহস্যময় এক গোপন সিন্দুকে পুরে রাখা ছিল কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী প্রিন্সের অনেকগুলো গান। এ বছরের এপ্রিলে প্রয়াত হয়েছেন তিনি। তারপর একে একে বেরোতে শুরু করেছে তাঁর অপ্রকাশিত সেই গানগুলো।
ব্রেমো ট্রাস্ট খুলেছে সেই গোপন সিন্দুক। প্রিন্সের মেধাসম্পদ নিয়ে কাজ করার দায়িত্বপ্রাপ্ত এ প্রতিষ্ঠান সেগুলো তুলে দিয়েছে বিনোদনবিষয়ক প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের হাতে। সেগুলো নিয়ে দুটো গানের অ্যালবাম প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। এর একটি বেরোবে আগামী ২২ নভেম্বর। সেটি হবে মূলত প্রিন্সের সেরা গানগুলো নিয়ে। তাতে থাকবে ‘হোয়েন ডাভস ক্রাই’, ‘রাস্পবেরি বেরেট’-এর মতো বিখ্যাত গানগুলো, সঙ্গে কিছু অপ্রকাশিত গান যেমন ‘মুনবিম লেভেল’। এতে থাকবে প্রায় ৪০টি গান। এই অ্যালবামটির নাম দেওয়া হয়েছে প্রিন্স ফরেভার। এর মধ্যে ‘মুনবিম লেভেল’ গানটি ধারণ করা হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির সঙ্গে থাকবে আলোকচিত্রী হার্ব রিটের তোলা প্রিন্সের অনেকগুলো অপ্রকাশিত ছবির একটি অ্যালবাম, যে ছবিগুলো আগে কেউই দেখেনি।
অন্য অ্যালবামটি বেরোবে সামনের বছর। সেটি হবে ‘পার্পল রেইন’-এর শোভন সংস্করণ। অপ্রকাশিত বেশ কিছু গানের সঙ্গে তাতে থাকবে বেশ কিছু প্রকাশিত গানও। যেগুলোতে প্রিন্স নিজেই বাজিয়েছেন। এ অ্যালবাম নিয়ে এর থেকে আর বেশি কিছু জানায়নি ওয়ার্নার ব্রোস বা ব্রেমো ট্রাস্ট। তবে নতুন যা-ই আসুক, নতুন সে তো সব সময়ই ভালো। প্রিন্স বলেছিলেন, প্রতিটি দিন তাঁর নিজের কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো, নতুন ও সুন্দর।
তবে এ দুই অ্যালবাম দিয়েই ফুরাচ্ছে না প্রিন্সের গোপন সিন্দুকের সংগ্রহ। মৃত্যুর পর তাঁর গানগুলো কীভাবে আর কোথায় ব্যবহার করা হবে, সেসব বলে গিয়েছিলেন প্রিন্স। সেই অনুযায়ী হয়তো আরও অনেক কিছুই জানা যাবে প্রিন্স ও তাঁর গানগুলো নিয়ে। গান নিয়ে এই কিংবদন্তির কথা হচ্ছে, ‘গান তো গানই, ভালো লাগলেই হলো।’
রাসেল মাহ্মুদ, ইয়াহু, কমপ্লেক্স ও নিউইয়র্ক টাইমস অবলম্বনে