প্রিয় নায়কের সঙ্গে নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধন ও রিয়াজ
বাঁধন ও রিয়াজ

অভিনয়শিল্পী বাঁধন তখন ফরিদপুর রাজবাড়ী গভর্নমেন্ট গার্লস স্কুলে ক্লাস সিক্সে পড়তেন। অন্যদিকে রিয়াজ তখন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়ক। একের পর এক সব জনপ্রিয় ছবি উপহার দিয়ে চলছেন। রিয়াজ অভিনীত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবিটি তখন মুক্তি পায়। এই ছবির ‘পড়ে না চোখের পলক’ গানটি তখন বেশ জনপ্রিয়তা পায়। এ ছবির কারণে রিয়াজ আরও প্রিয় হয়ে ওঠেন বাঁধনের কাছে। কিন্তু তখনো ভাবনায় ছিল না কোনোদিন নিজের প্রিয় নায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করবেন! কিন্তু সম্প্রতি তাই ঘটেছে। রিয়াজের সঙ্গে অভিনয় করলেন বাঁধন। তবে চলচ্চিত্রে নয়, একটি খণ্ড নাটকে রিয়াজের বিপরীতে অভিনয় করেন। নাম ‘আইসক্রিম ও অনুভূতি।’ পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
বাঁধন বলেন, ‘আমার সঙ্গে একই স্কুলে রিয়াজ ভাইয়ের ভাগনি চন্দন পড়ত। সে আমার ঘনিষ্ঠ বান্ধবী। পারিবারিকভাবে আমাদের দুই পরিবারের সঙ্গে সুসম্পর্ক ছিল। রিয়াজ ভাই যে আমার প্রিয় নায়ক বিষয়টি চন্দনও জানত। তাঁর সঙ্গে অভিনয় করব এটা তো কল্পনাতীত! অবশেষে সুযোগটি পেয়ে গেলাম। একসঙ্গে কাজটি করতে পেরে আমিও অনেক খুশি।’
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা তিনে ছিলেন বাঁধন। এর পর পরই অবশ্য চলচ্চিত্রে রিয়াজের সঙ্গে কাজের সুযোগ তৈরি হয় বাঁধনের। কিন্তু শেষ পর্যন্ত একসঙ্গে তাঁদের কাজ করা হয়নি।
এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা তিন প্রতিযোগীকে নিয়ে “দারুচিনি দ্বীপ” ছবিটি নির্মিত হয়। ছবিটিতে অভিনয় করেন রিয়াজ। আমার তখন মেডিকেলের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষা। রিয়াজের সঙ্গে অভিনয়ের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত পরীক্ষার কারণে তা থেকে সরে আসি।’
চলচ্চিত্রে তখন কাজ না করলেও স্টেজ পারফরম্যান্সে দুজনের একবার কাজ করা হয়েছিল। তাও আবার দুবাইয়ে। বাঁধান বলেন, ‘২০০৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডে রিয়াজের সঙ্গে একটি পরিবেশনায় অংশ নিই। তখন প্রিয় নায়কের কাছাকাছি আসার সুযোগ হয়। মহড়ার ফাঁকে কথাবার্তা হয়। তাঁর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। বুঝতে পারলাম আমার পছন্দের নায়ক মানুষ হিসেবেও অসাধারণ। আর এবার তো একসঙ্গে নাটকে অভিনয় করে প্রিয় নায়ককে আরও ভালোভাবে আবিষ্কার করতে পেরেছি। ছবি দেখে তাঁকে খুব ভালো একজন মানুষ হিসেবে মনে করেছি। আমার কাছে মনে হয়েছে, প্রিয় নায়ক হিসেবে রিয়াজ আমার ধারণাকে মিথ্যা প্রমাণিত করেননি।সত্যিই তিনি খুব ভালো একজন মানুষ।’