প্রিয়াংকার নতুন বন্ধু!

শহীদ কাপুর, শাহরুখ খান, জেরার্ড বাটলারের পর এবার মার্কিন অভিনেতা ও নির্মাতা জন হ্যামের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার সখ্যের খবর চাউর হয়েছে। অবশ্য এ খবর এমনিতেই এমন ডালপালা মেলেনি। সম্প্রতি জন হ্যাম ও প্রিয়াংকাকে একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার পর থেকেই এমন খবর চাউর হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের জনপ্রিয় একটি রেস্তোরাঁয় জন হ্যামকে নিয়ে গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সে সময় তাঁদের সঙ্গে ছিলেন প্রিয়াংকার কাছের কয়েকজন বন্ধুবান্ধব। সেখানে তাঁরা সবাই মিলে নৈশভোজ সেরেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
যুক্তরাষ্ট্রের এএমসি চ্যানেলের জনপ্রিয় ‘ম্যাড মেন’ টিভি ধারাবাহিকে ডন ড্র্যাপার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন জন হ্যাম। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি ‘স্পেস কাউবয়েজ’, ‘ব্রাইডসমেইডস’, ‘দ্য এ-টিম’সহ আরও কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন জন। ক্যামেরার পেছনেও কাজ করেন ৪২ বছর বয়সী এ তারকা।