প্রিয়াংকার মনের মানুষ নেই!
৩০ বছরের জীবনে প্রিয়াংকা চোপড়ার প্রাপ্তিটা নেহাতই কম নয়। বিশ্বসুন্দরী খেতাব পাওয়ার পাশাপাশি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন; পা রেখেছেন আন্তর্জাতিক সংগীত অঙ্গণে। এতসব সাফল্য ঝুলিতে থাকার পরও মনের মানুষ নেই তাঁর। হ্যাঁ, সম্প্রতি এমনই জানিয়েছেন প্রিয়াংকা। আর সব বলিউডের তারকাদের মতো প্রিয়াংকার ব্যক্তিজীবন নিয়েও সবার মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। সহ-অভিনেতাদের সঙ্গে প্রিয়াংকার ঘনিষ্ঠতা নিয়ে এখন পর্যন্ত বহুবারই খবর ছেপেছে বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। তবে সম্পর্কের বর্তমান অবস্থান জানাতে গিয়ে নিজেকে একাকী বলেই দাবি করেছেন ‘মুঝসে শাদি করোগি’খ্যাত এ তারকা। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। সম্প্রতি একটি ফটোসাইটে নিজের একাকী জীবনের ইঙ্গিত দিয়েছেন প্রিয়াংকা। সাইটটির একটি ছবিতে সিঙ্গেল, ম্যারেড, কমপ্লিকেটেড, ইন আ রিলেশনশিপ এবং আর্টিস্ট অপশনগুলোর মধ্য থেকে শেষেরটিকে বেছে নিয়েছেন তিনি।