প্রিয়াঙ্কা ও পরিণীতির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া

ছোটবেলা থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন প্রিয়াঙ্কা। বাবা অশোক চোপড়াই এই স্বপ্নটা প্রিয়াঙ্কার মনে বুনে দিয়েছিলেন। কিন্তু গায়িকা হয়ে পরিচিতি পাওয়ার আগেই তিনি হলেন বিশ্বসেরা সুন্দরী। এরপর বলিউড তারকা। আজ তিনি বলিউডের অন্যতম সেরা নায়িকা। তবে সৌন্দর্য আর অভিনয় দিয়ে সবাইকে মাত করার পরও কণ্ঠ দিয়ে বিশ্ব জয় করার সেই স্বপ্নকে কখনোই ভুলে যাননি প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর প্রিয়াঙ্কার সেই স্বপ্নটাও সত্য হয়েছে। গায়িকা পরিচয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান গড়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সোটিক’ গান দুটি দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হচ্ছেন বিশ্বব্যাপী। তবে প্রিয়াঙ্কার এই রঙিন স্বপ্নের ভাঁজে একটা দুঃস্বপ্নও ছিল। চাচাতো বোন পরিণীতি চোপড়ার বলিউড অভিষেকের পরপরই প্রিয়াঙ্কা বলেছিলেন পরিণীতির সঙ্গে একই দিন ছবি মুক্তি পাওয়া হবে তাঁর জন্য দুঃস্বপ্ন। ঈশ্বর বুঝি এবার না বুঝেই প্রিয়াঙ্কার এই দুঃস্বপ্নটাও সত্যি করে ফেললেন। না চাইলেও আগামীকাল একই দিনে মুক্তি পেতে চলেছে এই দুই বোনের দুটি নতুন ছবি।

জাঞ্জির
জাঞ্জির


চলুন ফিরে যাই একটু সত্তরের দশকে। নাহ্, তখন প্রিয়াঙ্কার জন্মই হয়নি বরং বলিউড পাড়ায় জন্ম নিয়েছে নতুন এক অভিনেতা। তবে পরপর বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় এই নবাগত অভিনেতা কিছুতেই সাফল্যের মুখ দেখছিলেন না মুম্বাই ছবিতে। পরিচালক প্রকাশ মেহরা সেই ব্যর্থ হিরোর ওপর আস্থা রেখেই বানালেন জাঞ্জির ছবিটি! সুপারহিট হলো জাঞ্জির। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের সুবাদে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিতি পেয়ে গেলেন সেই অভিনেতা। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত জাঞ্জির ছবির মধ্য দিয়ে এভাবেই বলিউড জগতে সাফল্যের সূচনা করেছিলেন আজকের বিগ বি অমিতাভ বচ্চন। ৪০ বছর আগে বিগ বির ফিল্মি ক্যারিয়ারের মোড় ঘোরানো সেই ছবির রিমেক বানালেন পরিচালক অপূর্ব লাখিয়া। আগের জাঞ্জির ছবিটিতে অভিনয় করেছিলেন অমিতাভ-স্ত্রী জয়া বচ্চনও। রিমেকে সে চরিত্রেই অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অমিতাভ বচ্চন অভিনীত দুটি সুপারহিট ছবির রিমেকে ইতিমধ্যেই কাজ করেছেন প্রিয়াঙ্কা। এর মধ্যে ডন (২০০৬) ছবিতে শাহরুখের এবং অগ্নিপথ (২০১২) ছবিতে হূতিক রোশনের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। জাঞ্জির-এর মাধ্যমে বিগ বির তিনটি সুপারহিট ছবির রিমেকে কাজ করা হলো এই অভিনেত্রীর। নতুন এই রিমেক নিয়ে যথেষ্ট আশাবাদী পিগি চপস বলেন, ‘পর পর বিগ বির তিনটি সুপারহিট ছবির রিমেকে কাজ করা হচ্ছে আমার। জাঞ্জির-এর রিমেক ছবিতেও শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আমি অমিতাভ বচ্চনের অনেক বড় ভক্ত।’ ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণের।
প্রিয়াঙ্কা জাঞ্জির নিয়ে বেশ টেনশনে থাকলেও ছোট বোন পরিণীতি চোপড়া কিন্তু ঠিকই মেতে উঠেছেন দেশি রোমান্সের খেলায়। লেডিস ভার্সেস রিকি ভেল (২০১১) দিয়ে রুপালি পর্দায় প্রথম আবির্ভাবেই দর্শকদের মুগ্ধ করেছিলেন লাবণ্যময় তরুণী পরিণীতি চোপড়া। একক নায়িকা হিসেবে ইশাকজাদে (২০১২) ছবি তাঁকে এনে দেয় বক্স অফিস সফলতা। আর এ ছবিতে অভিনয় করেই জুরিবোর্ডের রায়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বিশেষ সম্মাননা) জিতেছেন তিনি। আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে মনিশ শর্মার পরিচালনায় পরিণীতির নতুন রোমান্টিক কমেডি ছবি শুধ্ দেশি রোমান্স। ছবিটির ট্রেইলার ও গান ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক আলোড়ন তুলেছে। পরিচালক জানিয়েছেন, শুধ্ দেশি রোমান্স ছবিতে অনেক রোমান্স পাওয়া যাবে, যা এই প্রজন্মের তরুণদের খুব আকর্ষণ করবে। শুধ্ দেশি রোমান্স ছবিতে পরিণীতির বিপরীতে রয়েছেন বলিউডের নতুন হার্টথ্রুব সুশান্ত সিং রাজপুত। এ বছরে মুক্তি পাওয়া কাই পো চে ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ছোট পর্দার সিরিয়াল পবিত্র রিস্তার জনপ্রিয় এই অভিনেতার। ১৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়ার জন্যই এগিয়ে আনা হয়েছে ছবি মুক্তির দিন।

শুধ্ দেশি রোমান্স
শুধ্ দেশি রোমান্স


তবে একই দিনে দুই বোনের ছবি মুক্তি পেলেও পরিণীতির কিন্তু কোনো মাথাব্যথাই নেই। বরং তিনি জানিয়েছেন, তিনি জাঞ্জির দেখার জন্য অপেক্ষা করছেন। পরিণীতি বলেছেন, ‘এমনটা ঘটতেই পারে, আমার আর প্রিয়াঙ্কার ছবি একসঙ্গে মুক্তি পাচ্ছে, এতে আমরা চিন্তিত নই। আমি তার ছবি দেখব আর সেও আমারটি দেখবে। বলতে পারেন, এটা হলো চোপড়া উইকএন্ড। সুতরাং বেরিয়ে পড়ুন আর ছবিগুলো উপভোগ করুন।’
সাজিদুল হক
মুম্বাই মিরর, জিনিউজ, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস, রেডিফ, দ্য টেলিগ্রাফ, উইকিপিডিয়া অবলম্বনে