প্রিসলি, লিজ টেইলরকে পেছনে ফেললেন জ্যাকসন

২০১২ সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৬০ মিলিয়ন ডলার আয় করে ‘ফোর্বস’ ম্যাগাজিনের সর্বাধিক আয়কারী মৃত তারকার তালিকায় শীর্ষস্থান দখল করলেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ‘কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলি এবং অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী এলিজাবেথ টেইলরের মতো তারকাদের।
পপ কিং মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন ২০০৯ সালে। সে বছর সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রি হয় তাঁর। শুধু যুক্তরাষ্ট্রেই অ্যালবাম বিক্রির সংখ্যা গিয়ে ঠেকে ৮.২ মিলিয়ন কপিতে। এ ছাড়া মাত্র এক সপ্তাহে জ্যাকসনের এক মিলিয়ন গান ডাউনলোড করে তাঁকে নতুন রেকর্ড গড়তে সহায়তা করেন তাঁর ভক্তরা। মৃত্যুর এক বছরের মাথায় বিশ্বের বিভিন্ন দেশে জ্যাকসনের ৩৫ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি হয়ে যায়। এ ছাড়া একাধিক নিলামে জ্যাকসনের স্মৃতিবিজড়িত নানা সামগ্রী অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে। এভাবে মৃত্যুর পরও আয় করে চলেন জ্যাকসন।
মৃত্যুর চার বছর পরও আয় করে চলেছেন ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন। গত এক বছরে সর্বাধিক আয়কারী মৃত তারকা হিসেবে বেশ বড় ব্যবধানেই ‘ফোর্বস’ ম্যাগাজিনে তালিকার শীর্ষে ঠাঁই পেয়েছে জ্যাকসনের নাম। তাঁর আয়ের পরিমাণ ১৬০ মিলিয়ন ডলার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলভিস প্রিসলি আয় করেছেন ৫৫ মিলিয়ন ডলার। আর ৩৭ মিলিয়ন ডলার আয় করে তালিকায় তৃতীয় স্থান পেয়েছেন মার্কিন কার্টুনিস্ট চার্লস স্কাল্টজ।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর। গত এক বছরে তাঁর আয়ের পরিমাণ ২৫ মিলিয়ন ডলার। ১৮ মিলিয়ন ডলার আয় করে সেরা পাঁচে জায়গা পেয়েছেন জ্যামাইকান রেগে সংগীতশিল্পী বব মার্লে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকা।
সেরা দশে ঠাঁই পাওয়া অন্য তারকাদের মধ্যে আছেন মেরিলিন মনরো, জন লেনন এবং মার্কিন মডেল বেটি পেজ। তাঁদের আয়ের পরিমাণ যথাক্রমে ১৫, ১২ ও ১০ মিলিয়ন ডলার।