প্রিয় আব্বাস কিয়ারোস্তামি, আপনার ক্যানসার মানি না

নির্জন ফুটপাতে একলা দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলেন মানুষটা। প্রথম দেখাতেই কেমন চেনা ঠেকল। আরে ইনি যে আব্বাস কিয়ারোস্তামির মতো দেখতে! সেই কাঁচা-পাকা চুল। চোখে সেই কালো রোদচশমা। ছবিতে কতবার দেখেছি মানুষটাকে! আর তাঁর নিজের বানানো ছবি ক্লোজআপ (১৯৯০), টেস্ট অব চেরি (১৯৯৭), কিংবা দ্য উইন্ড উইল ক্যারি আস (১৯৯৯) এখনো কী দারুণভাবেই না চোখে লেগে আছে!
‘আপনি কি আব্বাস কিয়ারোস্তামি?’ বোকার মতো ভয়ে ভয়ে প্রশ্ন করলাম মানুষটাকে। বিস্ময়ের ঘোর যে তখনো কাটেনি। সব ভয়ডর মিথ্যা করে দিয়ে মানুষটা ‘হ্যাঁ’-সূচক মাথা নাড়লেন। ছবি তোলার অনুরোধে রাজি হলেন একরকম বিনা আপত্তিতে। বেশিক্ষণ কথা বলার সুযোগ অবশ্য হয়নি। তাঁর বিমান ধরার তাড়া ছিল। অল্প আলাপেই আব্বাস কিয়ারোস্তামিকে জানাতে ভুলিনি, বাংলাদেশে অনেক ভক্ত তাঁর ছবির। আব্বাস বলেছিলেন, বাংলাদেশে আসারও ইচ্ছে আছে তাঁর।
২০১৪ সালের মে মাসের সেই ক্ষণিকের দেখাটা এখনো বারবার ঘুরেফিরে মনে আসে। সে বছর কান চলচ্চিত্র উৎসবে বিচারক ছিলেন এই ইরানি সিনেমা-গুরু। আজ আবার তাঁকে মনে পড়ল খুব কঠিন একটা সময়ে। আচমকা এসেছে দুঃসংবাদ। ইরানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত বাইরের বিশ্বে ইরানের ছবির এই অলিখিত ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’ এরই মধ্যে অস্ত্রোপচারও হয়েছে ৭৫ বছর বয়সী এই নির্মাতার শরীরে। ইরানের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তবে তাঁর পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আব্বাস কিয়ারোস্তামি সেই বিরল নির্মাতাদের একজন, যিনি শত প্রতিকূলতার বিরুদ্ধে লড়েও তাঁর দেশের সিনেমাকে নিয়ে গেছেন অনেক দূর। আব্বাস কিয়ারোস্তামি এমন একজন বাংলাদেশের তরুণেরা যাঁর মতো করে দেখতে পারেন আমাদের সিনেমাকেও অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন। বাংলাদেশে তাঁর ভক্তরাও নিশ্চয়ই চাইবেন ক্যানসারকে পরাভূত করে আবারও স্বরূপে হাজির হবেন এই সিনেমা-গুরু।