প্রিয় তমা
চার বছর থেকেই নাচ শেখা শুরু করেন তমা। থাকতেন বাগেরহাটে। বাবা-মা তাঁকে স্থানীয় নাচের শিক্ষক শফিকুল ইসলামের কাছে নাচ শেখার ব্যবস্থা করে দেন। তারপর তমা একে একে ক্লাসিক, মণিপুরি, ভরতনাট্যম ও ফোক নাচ শেখেন। তখন এসএসসি পরীক্ষা দিয়েছেন। এ সময় গেলেন ভারতে। ভাস্বর ব্যানার্জির কাছে এক মাসের একটি নাচের কোর্স করেন। দুচোখভরা স্বপ্ন তাঁর তিনি নৃত্যশিল্পী হবেন।বাবা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিইডি) চাকরি করতেন। শারীরিক অসুস্থতার কারণে পরিবার নিয়ে ঢাকায় চলে এলেন তিনি। পরিচয় হলো প্রযোজক খোরশেদ আলমের সঙ্গে। বলো না তুমি আমার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলো তমাকে। অনেকটা শখের বশেই তমা রাজি হয়ে গেলেন। এ ছবিতে তমার নায়ক নিরব। নৃত্যে পারদর্শী বলেই ক্যামেরার সামনে কাজ করতে খুব বেশি সমস্যা হলো না তাঁর।প্রথম ছবির ব্যবসায়িক ফল খুবই ভালো। অনেকেরই দৃষ্টি কাড়লেন তমা।এখন তমার হাতে রয়েছে অনেক ছবি। কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, বদিউল আলম খোকনের ছবির মতো বাণিজ্যিক ব্যবসা সফল ছবির নির্মাতাদের কাজ করছেন তিনি।তমা এখন কাজ করছেন এক মন এক প্রাণ, পালাবার পথ নেই, ছোট্ট সংসার, মানিক রতন ছবিতে।এ বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন তিনি।পরীক্ষা চলাকালেও শুটিং করেছেন। বললেন, ‘আসলে ছবিগুলোর শিডিউল আগেই দেওয়া হয়েছিল। পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন শুটিং করিনি। পরিচালকেরা আমাকে সহযোগিতা করেছেন। ফলে কোনো সমস্যা হয়নি।’তমার লক্ষ্য কী?‘নৃত্যশিল্পী হিসেবে যেহেতু এ অঙ্গনে এসেছি, তাই নৃত্য এবং অভিনয় দুই মাধ্যমেই সফলতা পেতে চাই। প্রথম ছবির সাফল্যের পর যখন একাধিক ছবিতে কাজের প্রস্তাব পেলাম, তখন একটা বিষয় মাথায় রেখেছি যে সব কাজ করব না। যে ছবিগুলোর গল্প ভালো লাগবে, সেগুলোরই কাজ করব। এখন পর্যন্ত সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছি। আর আমি নিজের কাজ নিয়েও খুশি।’ বলছিলেন তমা।নতুন হিসেবে চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা কেমন?তমা বললেন, মানিক রতন ছবির কাজ করছিলাম। বাসা থেকে বেরিয়েছি শুটিংয়ে যাওয়ার জন্য। হঠাৎ পা মচকে গেল। দ্রুত হাসপাতালে গেলাম। চিকিৎসক বিশ্রাম নিতে বললেন। ভাবলাম এখন কী হবে? পরিচালক-প্রযোজকও বললেন, বিশ্রাম নিতে, চিকিৎসা করাতে, সুস্থ হয়ে আবার কাজে ফিরতে। এখানে সবাই আসলে একটা পরিবারের মতো হয়ে কাজ করেন। এমন পরিবারের একজন কে না হতে চাইবে?’পেশাদার অভিনেত্রী হিসেবে তমা পথ চলতে শুরু করেছেন। পড়ালেখা কী শেষ করবেন?তমা হাসেন। বলেন, ‘শুটিং চলাকালে যদি রাত জেগে পড়া শেষে পরীক্ষা দিতে পারি, তবে অভিনয় করে লেখাপড়া চালিয়ে যেতে কোনো সমস্যাই হওয়ার কথা নয়।’