প্রিয়জনের গান-এ সঞ্জয় রায়
দেশ টিভির লাইভ মিউজিক্যাল ব্লগ শো ‘প্রিয়জনের গান’-এ কাল শনিবার গান গাইবেন শিল্পী সঞ্জয় রায়। শচীন দেব বর্মণের ১০৬তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানে তিনি শচীন দেব বর্মণের গান গাইবেন। সঞ্জয় রায় বলেন, ‘আমি একসময় পুরোনো দিনের গানই গাইতাম। প্রয়াত ওয়াহিদুল হকের অনুপ্রেরণায় আকৃষ্ট হই শচীন দেব বর্মণের গানের প্রতি। সেই থেকে তাঁর গান নিয়মিত গাইছি। অনুষ্ঠানে তাঁর গানের পাশাপাশি আমার নিজেরও গান করব। অনুষ্ঠানে শচীন দেব বর্মণের ১৩১টি গানের মধ্যে ৩০-৩৫টি গান গাওয়ার পরিকল্পনা করেছি। এর মধ্যে কিছুটা কম প্রচলিত গানই থাকবে বেশি।’‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সঞ্জয় রায় শচীন দেব বর্মণের যে গানগুলো গাইবেন, সেগুলোর মধ্যে রয়েছে—‘ঝনঝন ঝনঝন মঞ্জিরও বাজে’, ‘খুলিয়া কুসুম হার’, ‘মালাখানি ছিল হাতে’, ‘দোলা রাধা মধু বৃন্দাবনে’, ‘এই মহুয়া বনে’, ‘ভোলায়ে আমারে দুদিন’, ‘গোধূলির ছায়াপথে’, ‘ঘুম ভুলেছি নিঝুম এই নিশিথে’, ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’, ‘যদি দখিনা পবন’, ‘সেই দিনগুলি’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘তুমি আর নেই সে তুমি’, ‘শোনো গো দখিনা হাওয়া’ প্রভৃতি।‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানটি কাল বেলা তিনটায় দেখানো হবে দেশ টিভিতে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমন সাহা।এ ছাড়া আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পী সঞ্জয় রায় চট্টগ্রামের থিয়েটার হলে শচীন দেব বর্মণের জন্মদিন উপলক্ষে দুই দিনের আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন।