প্রিয়জনের ভালোবাসায় সিক্ত রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের লড়াই-সংগ্রাম, ভালোবাসা-প্রেম, সামগ্রিক জীবন শেষাবধি শিল্পে এসে আশ্রয় নেয়, পূর্ণতা পায়। এ সত্য শৈশবেই পিতামাতা ও শিক্ষক তোমার সত্তায় প্রোথিত করে দিয়েছিলেন। তুমি জীবনকে নিয়ে গেছ শিল্পের কাছে, আর শিল্পকে নিয়ে গেছ জীবনের গভীরে। জন্মদিনে নাট্যজন রামেন্দু মজুমদারকে এভাবেই মূল্যায়ন করলেন তাঁর অনুজ আরেক নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। ৭০ পেরিয়ে গতকাল মঙ্গলবার ৭১ বছরে পা রাখলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) আন্তর্জাতিক কেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার। এ উপলক্ষে গতকাল তাঁর সেন্ট্রাল রোড়ের বাসায় শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বললে যে রকমের জাঁকজমক আনুষ্ঠানিকতার কথা মনে আসে, পরিবেশ তেমনটি ছিল না। বৃষ্টিস্নাত সকালের আয়োজনটি ছিল সাদামাটা ঘরোয়া। কিন্তু আগত ব্যক্তিদের নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ ছিল। সকাল আটটার পরই ফুল হাতে রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের বাসভবনে হাজির হতে থাকেন সুহূদরা। রামেন্দু মজুমদারকে কেন্দ্র করে সকালেই জমে ওঠে আড্ডা। স্মৃতিচারণা করেন তিনি। তাঁর স্মৃতিচারণায় ওঠে আসে শৈশবের লক্ষ্মীপুর, চৌমুহনী কলেজে বছর তিনেক শিক্ষকতার নানা ঘটনাসহ ঢাকায় এসে সংস্কৃতি অঙ্গনে প্রতিষ্ঠা পাওয়ার গল্প। আগতদের উপস্থিতি বাড়তে থাকে। একসময় বৈঠকখানায় জায়গা ছিল না। ফলে রামেন্দু মজুমদার নিজে সবাইকে নিয়ে চলে গেলেন তাঁর পাঠকক্ষে। চার পাশে বই আর নানা রকমের শিল্পকর্ম দিয়ে সাজানো ঘরটি তুলনামূলকভাবে বড়। এখানে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাঁকে। প্রতিকৃতি অঙ্কিত উত্তরীয় পরিয়ে দেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান। পরে রামেন্দু মজুমদারকে নিয়ে রচিত অভিজ্ঞানপত্র পড়ে শোনান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রামেন্দু মজুমদার বলেন, ‘সামনে বসে নিজের প্রশংসা শুনতে বিব্রত লাগে। এখনো গর্ব করার মতো কিছু আমি অর্জন করতে পারিনি।’ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা আমার সম্পর্কে যা বলেছেন এর যেন যোগ্য হয়ে উঠতে পারি, সে আশীর্বাদ করবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাবন্ধিক মফিদুল হক, গোলাম কুদ্দুছ, ম হামিদ, ফকির আলমগীর, হাসান আরিফ, মামুনুর রশীদ, আফজাল হোসেন, ঝুনা চৌধুরী প্রমুখ। মংপুতে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণাকেন্দ্র হচ্ছেকলকাতা প্রতিনিধি জানান, মংপুতে কবিগুরুর স্মৃতিবিজড়িত রবীন্দ্র ভবনে পালিত হয় কবিগুরুর ৭০তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তিনি জানান, এই ভবনেই গড়া হবে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণাকেন্দ্র। দেশ-বিদেশের বিশিষ্টজনেরা এসে এখানে কবিগুরুকে নিয়ে গবেষণা করতে পারবেন। এ দিন এই অনুষ্ঠানে কবিগুরুর গীতাঞ্জলি নেপালি ভাষায় অনুবাদকারী শিক্ষিকা রেমিকা থাপাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কলকাতার শিল্পী শান্তনু রায় চৌধুরীসহ অন্যান্য শিল্পী।ভারত-বাংলাদেশ আর্ট সামিটবাংলাদেশ ও ভারতের বিশিষ্ট চিত্রশিল্পীদের অংশগ্রহণে ভারতের মুম্বাইয়ে ১ আগস্ট থেকে ‘ভারত-বাংলাদেশ আর্ট সামিট’ নামে সপ্তাহব্যাপী এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের ১৪ জন করে মোট ২৮ জন শিল্পী অংশ নেন।মুম্বাইয়ের মিউজিয়াম আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত এই চিত্র প্রদর্শনীতে প্রত্যেক শিল্পীর দুটি করে মোট ৫৬টি শিল্পকর্ম স্থান পায়। অংশগ্রহণকারী প্রখ্যাত শিল্পীদের মধ্যে বাংলাদেশের সমরজিৎ রায়চৌধুরী, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, বীরেন সোম, আবদুশ শাকুর শাহ, অলকেশ ঘোষ, জামাল আহমেদ, গোলাম ফারুক বেবুল, রোকেয়া সুলতানা, মোহাম্মদ ইকবাল, আফরোজা জামিল, মাকসুদা ইকবাল, অসীত কুমার মিত্র ও বিশ্বজিৎ গোস্বামী এবং ভারতের বসন্ত সোনাভানী, কাশীনাথ সালভে, দেবব্রত চক্রবর্তী, রোমু ল, প্রকাশ ভীষে, অরবিন্দ হাটে, সুখময় মজুমদার, গৌতম পার্থ রায়, রাম ভিরঞ্জন, দীপ্তি চক্রবর্তী, ভাস্কর সিংহ, শান্তনু সরকার, বিশ্ব বসু ও দেবাশীষ সাহা।কসমস গ্রুপের প্রধান নির্বাহী এনায়েতউল্লাহ খান এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বাংলাদেশের পক্ষে আফরোজা জামিল সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, প্রদর্শনীটি উপমহাদেশের দুই কালজয়ী চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন ও মোহাম্মদ কিবরিয়ার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।