প্রিয়তির ডাকে আইরিশ ছবিতে সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়তি ও সুজন
প্রিয়তি ও সুজন

মিজ আয়ারল্যান্ড প্রিয়তি আইরিশ একটি ছবিতে কাজ করার সুযোগ করে দিলেন বাংলাদেশের র‍্যাম্প মডেল ও অভিনেতা খালেদ সুজনকে। দীর্ঘদিন র‍্যাম্প মডেল হিসেবে কাজ করার পর এবারই সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর। তা–ও আবার দেশের বাইরের একটি ছবিতে। আয়ারল্যান্ডের প্রযোজনা প্রতিষ্ঠান লুজ গ্রিপের ব্যানারে ছবিটি নির্মিত হবে।

আইরিশ ছবিতে সুজনের অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন মিজ আয়ারল্যান্ড প্রিয়তি। আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘সুজনের পক্ষে আমি আইরিশ ছবিতে অভিনয়ের ব্যাপারে চুক্তি সই করেছি। সামনের ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিটি পুরোপুরি অ্যাকশন ধাঁচের হবে।’
সুজনকে আইরিশ ছবিতে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়া প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে ছেলেদের চেয়ে মেয়েরাই শোবিজে বেশি কাজ করার সুযোগ পায়। সম্ভাবনা থাকা সত্ত্বেও ছেলেরা কাজ করতে পারে না। সুজনের সঙ্গে আমার পরিচয়ের পর থেকেই মনে হয়েছে, সে অনেক বেশি সম্ভাবনাময়। সিনেমায় অভিনয় করলে সে ভালো করবে। তাই এখানকার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলি। প্রতিষ্ঠানটিও সুজনের ছবি এবং অন্যান্য কাজ দেখে আগ্রহী হয়।’
ছবির নাম কী এবং অভিনয়শিল্পী কারা থাকবেন, এমন প্রশ্নে প্রিয়তি বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত এ ব্যাপারে কিছু বলা নিষেধ আছে। তবে প্রথম আলো পাঠকদের জানাতে চাই, এই ছবিতে আইরিশ, ইংলিশ ও চায়নিজ অভিনয়শিল্পীরা কাজ করবেন।’
সুজন বললেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত মিজ আয়ারল্যান্ড ও মিস আর্থ ইন্টারন্যাশনাল প্রিয়তি আমার ভালো বন্ধু। সে-ই পুরো বিষয়টির দেখভাল করছে। আমার ব্যাপারে আয়ারল্যান্ডের প্রযোজনা প্রতিষ্ঠানের সে-ই নাম প্রস্তাব করেছে। এটা আমার জন্য নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। বাকিটা ছবির শুটিংয়ের পর সবাইকে নিজের ভালো লাগার অভিজ্ঞতা শেয়ার করতে পারব।’
সুজন জানান, সপ্তাহ দু-তিনেকের মধ্যে আয়ারল্যান্ডে যাওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবেন।