মরা কাঠ, গাছের গুঁড়ি, বাকলসহ ফেলে দেওয়া নানা জিনিস জড়ো করে ভাস্কর্যে প্রাণসঞ্চার করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রকৃতি ও নিসর্গের শাশ্বত উদ্ভাস দেখা যায় তাঁর গড়া ভাস্কর্যে। রবীন্দ্রনাথের বৈশ্বিক চেতনা ও সুরে অনুপ্রাণিত হয়ে, জীবনানন্দ দাশের রূপসী বাংলায় মুগ্ধ হয়ে তিনি নির্মাণ করেন বৈচিত্র্যময় সব ভাস্কর্য। রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দেখা গেল তাঁর এমনই সব শিল্পকর্ম।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে ফেরদৌসী প্রিয়ভাষিণীর একক ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘নামিল শ্রাবণসন্ধ্যা’। পরিবেশবাদী ইনাম আল হক, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় এবং চিত্রশিল্পী রোকেয়া সুলতানা যৌথভাবে প্রদর্শনীটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানসহ উদ্বোধনীতে আরও অনেকেই উপস্থিত হয়েছিলেন শিল্পের রস আস্বাদন করতে। উদ্বোধনীতে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণীর ওপর বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে মোট ভাস্কর্যের সংখ্যা ৮১টি। প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত।