প্রিয়াংকার টুইটার ছাড়ার নেপথ্যে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার-সক্রিয় বলিউডের তারকাদের মধ্যে অন্যতম প্রিয়াংকা চোপড়া অনুসারীর সংখ্যার দিক থেকেও অনেকটা এগিয়ে; অথচ সেই প্রিয়াংকাই কিনা সম্প্রতি উধাও হয়েছিলেন টুইটার থেকে! তবে সম্প্রতি ফিরে এসে উধাও হওয়ার কারণটি এক টুইট বার্তায় জানিয়ে দিয়েছেন তিনি। আর পাশাপাশি সামাজিক যোগাযোগের জনপ্রিয় খুদে এ ব্লগসাইটে আবারও নিয়মিত হয়েছেন ‘টুইটার কুইন’খ্যাত ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।‘টুইটার কুইন’ তকমা পাওয়া প্রিয়াংকা টুইটার ছেড়ে দেওয়ায় সবাই বেশ অবাকই হয়েছিলেন। তাঁর এমন সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে সম্প্রতি এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, প্রিয়াংকাকে নিয়ে করা নেতিবাচক মন্তব্যে দুঃখ পেয়েই তিনি টুইটার থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। সর্বশেষ টুইটার বার্তায় সাবেক এ বিশ্বসুন্দরী লিখেছিলেন, ‘টুইটার থেকে সাময়িক ছুটি নিচ্ছি। সবাইকে অনেক মিস করব। আশা করছি, শিগগিরই আবার ফিরে আসব।’ এরপর অনেক দিন টুইটারের ছায়াও মাড়াননি প্রিয়াংকা। তবে সম্প্রতি টুইটারে ফিরে এক বার্তায় লিখেছেন, ‘হঠাত্ অদৃশ্য হয়ে যাওয়ার জন্য দুঃখিত। আমাকে নিয়ে লেখা কয়েকটি বাজে মন্তব্য পড়ে মনে প্রচণ্ড আঘাত পাওয়ায় টুইটারকে সাময়িক বিদায় জানিয়েছিলাম।’প্রিয়াংকা আরও লিখেছেন, ‘টুইটার থেকে দূরে থাকার সময়টাতে বুঝেছি, আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি। মূলত এই ভালোবাসাই আবার আমাকে টুইটারে ফিরিয়ে এনেছে। তাঁদের সবার প্রতি রইল অজস্র ভালোবাসা, যাঁরা ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ায় বিশ্বাসী। ভালোবাসা আদান-প্রদানের জন্যই আমি এখানে এসেছি।’উল্লেখ্য, প্রিয়াংকা কিছুদিন আগে মেকআপ ছাড়া নিজের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেন। এর পরিপ্রেক্ষিতে প্রশংসা তো দূরের কথা, উলটো তাঁকে নিয়ে নানা আজেবাজে মন্তব্য আসতে থাকে। কেউ কেউ দাবি করেন, প্লাস্টিক সার্জারি করিয়েছেন প্রিয়াংকা। এসব মন্তব্যে তিনি খুবই মর্মাহত হন এবং টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন।