প্রিয়াংকার পক্ষ নিলেন শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রিয়াংকা চোপড়া আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। তাঁর অবস্থান আমার হূদয়ের অনেক কাছাকাছি; চিরকাল আমার হূদয়ে বিচরণ করবেন তিনি।’ সম্প্রতি সিএনএন-আইবিএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রিয়াংকা সম্পর্কে এমন মন্তব্যই করেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান।২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন: দ্য চেজ বিগিনস অ্যাগেইন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে শাহরুখ ও প্রিয়াংকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে তাঁরা আবারও জুটি বেঁধে অভিনয় করেন ‘ডন ২’ ছবিতে। ২০১১ সালের ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার পর এই জুটির প্রেমের খবরে সরগরম হয়ে ওঠে বলিউডের বিভিন্ন সংবাদমাধ্যম। চলতি বছরের শুরুর দিকে খবর প্রকাশিত হয়, ওই সময়ের কোনো একদিন শাহরুখের অফিস থেকে ভোর তিনটায় বের হতে দেখা গিয়েছিল প্রিয়াংকা চোপড়াকে। মূলত, এর পর থেকেই নানা কেচ্ছাকাহিনি প্রকাশিত হতে থাকে বলিউডের অন্যতম জনপ্রিয় এ দুই তারকাকে ঘিরে। এ পরিপ্রেক্ষিতে ভীষণ ক্ষুব্ধ হন শাহরুখপত্নী গৌরী খান। শাহরুখ-গৌরীর ২০ বছরের সাজানো সংসারে অশান্তি দেখা দেয়। পরে গৌরীর কঠোর অবস্থানের কারণে একটা নিরাপদ দূরত্ব তৈরি করতে একরকম বাধ্যই হন শাহরুখ-প্রিয়াংকা। গত এক বছর তাঁরা এ দূরত্ব রক্ষা করে চলেছেন। শুরু থেকেই নিজেদের ঘনিষ্ঠতা নিয়ে জনসমক্ষে কিছু না বলার কৌশল নিয়েছিলেন শাহরুখ ও প্রিয়াংকা। একটা পর্যায়ে তাঁদের এ ঘনিষ্ঠতার জন্য সবাই দোষারোপ করতে থাকেন প্রিয়াংকাকে। তখনো নিশ্চুপ ছিলেন শাহরুখ। কিন্তু প্রিয়াংকার প্রতি সবার এমন নিষ্ঠুর আচরণের কারণে সম্ভবত অসন্তোষ দানা বেঁধেছিল শাহরুখের ভেতর। অবশেষে সম্প্রতি তিনি সেই অসন্তোষের কথা সবাইকে মুখ ফুটে জানালেন। শাহরুখ বলেন, ‘প্রিয়াংকার জন্য আমি অনেক বেশি দুঃখিত। আমার কারণে তাঁকে অনেক অপমান সইতে হয়েছে। তাঁর প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাও কেউ দেখায়নি। প্রিয়াংকা কিংবা অন্য যেকোনো নারীর প্রতি ন্যূনতম যে শ্রদ্ধাবোধ আমার আছে, কারও কাছ থেকেই সেটা পাননি প্রিয়াংকা।’ প্রিয়াংকা সম্পর্কে শাহরুখের এমন খোলামেলা ও সাহসী মন্তব্যের জের ধরে অনেকে বলছেন, যে যা-ই বলুক, প্রিয়াংকার সঙ্গে দোস্তি খতম করতে কোনোভাবেই প্রস্তুত নন কিং খান।