প্রিয়াংকার বদলে দীপিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াংকা চোপড়াকে হটিয়ে প্রসাধনী ব্র্যান্ড গার্নিয়ারের নতুন মুখ নির্বাচিত হলেন বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তিনি গার্নিয়ারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, শিগগিরই এ ব্র্যান্ডটির নতুন একটি পণ্যের দূতিয়ালির কাজ শুরু করতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী।নিজের পছন্দের পণ্যের দূতিয়ালির দায়িত্ব পেয়ে দারুণ খুশি দীপিকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্বকের পরিচর্যার জন্য গার্নিয়ার ব্র্যান্ডের অনেক পণ্য এখন পর্যন্ত বাজারে এসেছে। সেসব পণ্য আমার খুবই পছন্দের। বলা যায়, গার্নিয়ারের ভক্ত বনে গেছি আমি। এবারে সেই ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্ব পেয়ে অনেক বেশি সম্মানিত বোধ করছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। দীপিকা আরও বলেন, ‘নারীর সৌন্দর্য রক্ষায় গার্নিয়ারের ভূমিকা অনস্বীকার্য। আমাদের দেশের সৌন্দর্য সচেতন আধুনিক নারীরা সুন্দর ত্বক ধরে রাখার জন্য সব সময় ব্যতিব্যস্ত থাকেন। আশা করছি, গার্নিয়ারের সঙ্গে মিলে আমি তাঁদের সেই ইচ্ছাপূরণে যথেষ্ট সাহায্য করতে পারব।’ দীপিকা সম্পর্কে গার্নিয়ার ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার নাথালিয়া গার্স্টেন বলেন, ‘ভারতের আধুনিক নারীদের জন্য নতুন পণ্য আনতে যাচ্ছি আমরা। পণ্যটির দূত হিসেবে দীপিকাকে সবচেয়ে মানানসই মনে হয়েছে আমাদের। কারণ বুদ্ধিদীপ্ত, তরুণ ও আধুনিক ভারতীয় নারীর প্রতিনিধিত্ব করেন বলিউডের এ অভিনেত্রী। তিনি আমাদের সঙ্গে কাজ করতে রাজি হওয়ায় আমরা আনন্দিত।’ প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকার নতুন ছবি ‘রেস ২’। আব্বাস-মাস্তান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সাইফ আলী খান, জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ, আমিশা প্যাটেল, অনিল কাপুর প্রমুখ। এই মুহূর্তে ছবির প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন দীপিকা।