প্রিয়াঙ্কা-কঙ্গনার শীতল যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া
কঙ্গনা রানাউত ও প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের অভিনেত্রীদের মধ্যে নীরব দ্বন্দ্ব মোটেও নতুন কোনো বিষয় নয়। এখন পর্যন্ত বলিউডের অনেক তারকা অভিনেত্রীই শীতল যুদ্ধে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি এই তালিকায় নাম লেখালেন ‘বারফি’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও ‘গ্যাংস্টার’ তারকা কঙ্গনা রানাউত।

বছরের অন্যতম আলোচিত ছবি ‘কৃশ ৩’ মুক্তি পাচ্ছে ১ নভেম্বর। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ও কঙ্গনা। এই মুহূর্তে বেশ জোরেশোরেই চলছে ছবির শেষ মুহূর্তের প্রচারণা। কিন্তু প্রিয়াঙ্কা সাফ জানিয়ে দিয়েছেন, কঙ্গনার সঙ্গে প্রচারণার কাজে অংশ নেবেন না তিনি। অবশ্য প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।

এরইমধ্যে ‘কৃশ ৩’ ছবির ট্রেইলর বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রপ্রেমী অনেক দর্শক। ছবিটি নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ তৈরির জন্য নানারকম প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। কিন্তু হঠাত্ করে বেঁকে বসেছেন প্রিয়াঙ্কা। তিনি কোনো অবস্থাতেই কঙ্গনার সঙ্গে ছবির প্রচারণার কাজে অংশ নিতে রাজি হচ্ছেন না।

প্রিয়াঙ্কার এমন হঠকারী সিদ্ধান্তে বেশ বিপাকে পড়ে গেছেন ‘কৃশ ৩’ ছবির নির্মাতারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রচারণার কাজ চালাতে পারছেন না তাঁরা। এদিকে শোনা যাচ্ছে, এখন থেকে প্রিয়াঙ্কা এবং কঙ্গনা নাকি আলাদা আলাদাভাবে ছবির প্রচারণা চালাবেন।

২০০৩ সালে নির্মিত ‘কোয়ি মিল গ্যায়া’ ছবির তৃতীয় সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কৃশ ৩’। রাকেশ রোশন পরিচালিত সুপারহিরো-নির্ভর সায়েন্স ফিকশন ঘরানার এই ছবির নাম ভূমিকায় রয়েছেন হূতিক রোশন। অন্যান্য চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়, কঙ্গনা রনাউত, প্রিয়াঙ্কা চোপড়া, আরিফ জাকারিয়া, অর্চনা পূরণ সিং, রাখি সাওয়ান্ত প্রমুখ। সিরিজের আগের দুটি ছবি ‘কোয়ি মিল গ্যায়া’ ও ‘কৃশ’-এর প্রধান চরিত্রে অভিনয় করলেও, ‘কৃশ ৩’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখাকে।