প্রিয়াঙ্কার অভিব্যক্তি দেখাতে শাহরুখের বারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ-প্রিয়াঙ্কা
শাহরুখ-প্রিয়াঙ্কা

এ বছর জি সিনে পুরস্কার প্রদান আসর থেকে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। অনুষ্ঠানটিতে মঞ্চ পরিবেশনায়ও অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শাহরুখের মঞ্চ পরিবেশনার সময় ক্যামেরায় ধারণ করা প্রিয়াঙ্কার অভিব্যক্তি যাতে টিভিতে দেখানো না হয় জি সিনে কর্তৃপক্ষকে সেই নির্দেশ দিয়েছেন কিং খান। শাহরুখের এমন রহস্যময় সিদ্ধান্তের পেছনের কারণ অবশ্য জানা যায়নি।
শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠতার খবরে একটা সময়ে তোলপাড় উঠেছিল বলিউডে। অশান্তির ঢেউ উঠেছিল শাহরুখ-গৌরীর দীর্ঘদিনের সুখী দাম্পত্য জীবনে। তবে সেই ঘটনা এখন অতীত। শাহরুখপত্নী গৌরীর কঠোর অবস্থানের কারণে নিজেদের মাঝে দেয়াল তৈরি করেন শাহরুখ-প্রিয়াঙ্কা। পরবর্তী সময়ে একে অন্যকে এড়িয়ে চলতেও দেখা যায় তাঁদের।
বরাবরই সহকর্মীদের প্রতি বন্ধুসুলভ আচরণের জন্য প্রশংসিত হয়েছেন শাহরুখ। ছবি কিংবা কোনো অনুষ্ঠানের সেটে সবার সঙ্গে তাঁর বিনয়ী আচরণ মুগ্ধ করে সবাইকে। এমনকি কখনোই কোনো সাক্ষাত্কারে সহ-অভিনেতা বা অভিনেত্রীর বিপক্ষে কথা বলতে শোনা যায়নি শাহরুখের মুখ থেকে। সেই শাহরুখই জি সিনে কর্তৃপক্ষকে ক্যামেরায় ধারণ করা প্রিয়াঙ্কার অভিব্যক্তি মুছে ফেলার নির্দেশ দেওয়ায় স্বভাবতই তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে এখন পর্যন্ত এর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জি সিনে পুরস্কার প্রদান আসরের ধারণ করা সব ফুটেজ ভুলবশত মুছে যাওয়ায় প্রায় ২২ কোটি রুপি আর্থিক ক্ষতির মুখে পড়ে জি চ্যানেল কর্তৃপক্ষ। পরে অবশ্য ক্যামেরা থেকে মাস্টার ফুটেজ সংগ্রহ করে সম্পাদনার মাধ্যমে অনুষ্ঠানটি টিভিতে দেখানোর উপযোগী করা হয়।

এ বছর জি সিনে পুরস্কার প্রদান আসর থেকে সেরা চলচ্চিত্র (পপুলার) বিভাগে পুরস্কৃত হয়েছে গত বছরের বক্স অফিস কাঁপানো ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। ছবিটির জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ‘ইয়ে জাওয়ানি হ্যায়’ ছবির পরিচালক অয়ন মুখার্জি। তাঁর লেখা ছবিটির চিত্রনাট্যও সেরার পুরস্কার জিতে নিয়েছে।

‘রানঝা’ ছবিতে অভিনয়ের কল্যাণে সেরা নবাগত অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘কোলাবেরি ডি’খ্যাত গায়ক ও অভিনেতা ধানুশ। আর ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাণী কাপুর। সেরা নবাগত নির্মাতার পুরস্কার পেয়েছেন ‘দ্য লাঞ্চবক্স’ ছবির পরিচালক রিতেশ বাত্রা।

সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও (কাই পো চে)। আর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছেন দুজন। তাঁরা হলেন দিবিয়া দত্ত (ভাগ মিলখা ভাগ) এবং সারা ভাস্কর (রানঝা)। ‘রাম-লীলা’ ছবিতে খল চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরার পুরস্কার অর্জন করেছেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠক। আর সেরা কৌতুকাভিনেতা নির্বাচিত হয়েছেন বরুণ শর্মা (ফুকরে)।

এ ছাড়া সমালোচনা বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ভাগ মিলখা ভাগ’। ছবিটির জন্য সেরা নির্মাতা হিসেবে রাকেশ ওমপ্রকাশ মেহরা ও সেরা অভিনেতা হিসেবে ফারহান আখতার পুরস্কৃত হয়েছেন। আর ‘লুটেরা’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন সোনাক্ষী সিনহা।

বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’। একই গানের জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতে নিয়েছেন অরিজিত্ সিং। ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার দেওয়া হয়েছে শ্রেয়া ঘোষালকে। একই ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন জিত গাঙ্গুলি, মিথুন এবং অঙ্কিত তিওয়ারি। সেরা গীতিকারের পুরস্কারও জিতেছেন মিথুন।

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘বত্তমিজ দিল’ গানের জন্য সেরা কোরিওগ্রাফার হিসেবে পুরস্কৃত হয়েছেন রেমো ডি’সুজা। ‘কৃশ ৩’ ছবির জন্য সেরা ভিজুয়াল ইফেক্টস বিভাগে পুরস্কার জিতেছে শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিস। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের পুরস্কারও দেওয়া হয়েছে কিং খানকে। স্ত্রী সম্মান পুরস্কারে ভূষিত করা হয়েছে নির্মাতা ফারাহ খানকে। এ ছাড়া ইন্টারন্যাশনাল আইকন পুরুষ ও নারী বিভাগে পুরস্কৃত হয়েছেন যথাক্রমে ইয়ো ইয়ো হানি সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া।