প্রিয়াঙ্কার নতুন ইনিংস
বছরের শুরুতে একটি ছবি—সাত খুন মাফ। বছরের শেষ সপ্তাহে আরও একটি ছবি—ডন টু। মাঝে লম্বা বিরতি। তাতে কী? খবরের শিরোনাম হওয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়ার ছবির দরকার পড়ে না। সাত খুন মাফই বা কতটুকু প্রশংসিত? বিশাল ভারাদ্বাজের মতো পরিচালকও সবাইকে হতাশ করেন সাত খুন মাফ-এ। সমস্বরে সবাই শুধু একটি প্রশংসাবাণীই দিয়েছেন ছবিকে ঘিরে—অসাধারণ প্রিয়াঙ্কা চোপড়া! প্রিয়াঙ্কার জন্য অবশ্য এমন প্রাপ্তি নতুন নয়। দুই বছর আগেও হোয়াটজ ইওর রাশি ছবিতে ১২টি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শককে। অবশ্য তাতে কী যায়-আসে? ছবি ফ্লপ, প্রিয়াঙ্কার কাজও কুয়াশায় ঢাকা পড়ে যায়। বক্স অফিসের তথ্য অনুযায়ী প্রিয়াঙ্কার সর্বশেষ হিট ছবি মুক্তি পেয়েছে তিন বছর আগে (দোস্তানা)। এরপর কামিনে সাধারণ মাপের হিট হলেও ছবিতে প্রিয়াঙ্কার ব্যাপ্তি ছিল ১০-১৫ মিনিট। যদিও প্রিয়াঙ্কার হাতে আছে সফল হওয়ার মতোই পাঁচটি ছবি—অনুরাগ বসুর বারফি (রণবীর), করন জোহরের অগ্নিপথ (হূতিক), ফারহান আখতারের ডন টু (শাহরুখ), রাকেশ রোশনের কৃষ ২ (হূতিক), কুনাল কোহলির তেরি মেরি কাহানি (শহীদ)।অবশ্য বক্স অফিস নিয়ে অবশ্য প্রিয়াঙ্কা-ভক্তদের থোড়াই কেয়ার। স্টেজ শো থেকে বিজ্ঞাপনচিত্র, ম্যাগাজিনের পাতা থেকে টুইটারে অন্যতম জনপ্রিয় ভারতীয় তারকা—সব মিলিয়ে প্রিয়াঙ্কা বরাবরই ‘হিট অ্যান্ড হট’। এক শহীদ কাপুরের সঙ্গে তার সম্পর্ক ভাঙা-গড়া নিয়েই প্রতি সপ্তাহে কাহিনি বের করছেন খবরওয়ালারা। হলুদ সাংবাদিকেরা এ ব্যাপারে বেশি তৎপর। আয়কর বিভাগের লোক প্রিয়াঙ্কার বাড়িতে এলেও তারা লিখে দিচ্ছে প্রিয়াঙ্কার দুঃসময়ে পাশে থাকতে অন্তর্বাস পরে প্রেমিকার ফ্ল্যাটে হাজির শহীদ কাপুর। অবশ্য উড়ো উদ্ভট খবরের পাশাপাশি সত্য ঘটনাও ছবিসমেত প্রকাশিত হয়েছে সম্প্রতি। লন্ডনে কুনাল কোহলির ছবির শুটিংয়ের ফাঁকে এই জুটির অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশ করেছে বলিউড মান্ত্রা ডট কম। তাতে অবশ্য ওঁদের ভক্তরা বেশ খুশিই। কারণ, সম্পূর্ণ বিপরীত মেরুর দুই তারকা প্রায়ই কথা-কাটাকাটির শেষ সীমানায় গিয়ে সম্পর্কের ইতি টেনেছেন অতীতে। ভক্তরা সব সময়ই চান কামিনে জুটির অসাধারণ রসায়নের কিছু নমুনা দেখতে; সেটা পর্দায় হোক অথবা পর্দার বাইরে।ওদিকে নতুন খবর, রণবীর কাপুর নাকি গোসসা করেছেন প্রিয়াঙ্কার ওপর। অনুরাগ বসুর বারফি ছবিতে দুজনের কাজ করার কথা। ছবিতে রণবীর বোবা, কালা। আর প্রিয়াঙ্কা মানসিক প্রতিবন্ধী। কিন্তু নানা অজুহাতে ছবির শুটিং পিছিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। তার নাকি সময় নেই। নিন্দুকেরা বলেন, তাহলে কী করে তিনি শাহরুখ খানের অনুরোধে মুহূর্তেই আর এ ওয়ান ছবিতে অতিথি চরিত্রে কাজ করার সময় পান? কী করে প্রেমিক শহীদ কাপুরের সঙ্গে নতুন ছবিতে কাজ করার জন্য লন্ডনে ছুটে যান? গণেশ হেজের মিউজিক ভিডিওতে বিপাশা বসুর সঙ্গে নাচের শিডিউল দেন? বিতর্ক এখানেই থেমে নেই। কিং খান শাহরুখের ক্যারিয়ারে যেখানে কখনোই নায়িকার সঙ্গে হূদয়ঘটিত দুর্ঘটনার (!) খবর পত্রপত্রিকায় আসেনি, সেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে অনেকেই গল্প বুনতে শুরু করেছে। শাহরুখ-পত্নী গৌরী খান নাকি ইদানীং মারাত্মক চটেছেন শাহরুখের ‘প্রিয়াঙ্কা’প্রীতি দেখে। প্রিয়াঙ্কা বরাবরই শাহরুখকে ‘আইডল’ মানেন। সব সাক্ষাৎকারে শাহরুখের প্রশংসা কীর্তনে বরাবরই এগিয়ে প্রিয়াঙ্কা। কিন্তু এত দিন শাহরুখ প্রিয়াঙ্কাকে অতটা আমল না দিলেও সমপ্রতি ডন টু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। নিজস্ব প্রযোজনার ছবি আর এ ওয়ান-এ প্রিয়াঙ্কাকে শেষ মুহূর্তে অতিথি চরিত্রে কাজ করিয়েছেন। প্রিয়াঙ্কা কখনো তার জন্মদিনে কাজ না করলেও শাহরুখের জন্য বাধ্য মেয়ের মতো জন্মদিনের পুরোটা সময় ব্যয় করেছেন আর এ ওয়ান সেটে। শাহরুখও ভালোবেসে দামি অ্যাকুয়িস্টিক গিটার উপহার দিয়েছেন প্রিয়াঙ্কাকে। শুধু তা-ই নয়, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত বিশাল ভারাদ্বাজের পরের ছবিতে অসিনকে বাদ দিয়ে প্রিয়াঙ্কাকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন শাহরুখ। আসছে ঈদে ইউরোপে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন শাহরুখ। সেখানে তার সঙ্গী অর্জুন রামপাল, রিতেশ দেশমুখ, সাইফ আলী খান এবং অভিনেত্রীদের মধ্যে একমাত্র প্রিয়াঙ্কা চোপড়া। সুতরাং গৌরীর অভিমান করা অমূলক নয়।অবশ্য অনেক বিতর্কের ভিড়ে প্রিয়াঙ্কা তাঁর ভক্তদের গর্বিতও করেছেন সমপ্রতি। ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিকভাবে তাঁর অ্যালবাম বের হতে যাচ্ছে। অ্যাটম ফ্যাক্টরি, যারা কিনা লেডি গাগার মতো সুপারস্টারের ম্যানেজার, তারা দেশি হিটসের সঙ্গে যৌথভাবে চুক্তি করেছেন প্রিয়াঙ্কার সঙ্গে। পাশ্চাত্য সংগীত অনেক আগেই শিখেছিলেন প্রিয়াঙ্কা। তবে হিন্দি ছবিতে বিশাল-শেখর, সেলিম-সুলায়মানসহ আরও অনেকের অনুরোধ সত্ত্বেও এত দিন এই প্রতিভাটি জানান দিতে রাজি ছিলেন না মিস চোপড়া। হয়তো নিজেকেই চমক দেওয়ার এমন মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন এতটা বছর। উচ্ছ্বাসের মাত্রা এখন এতটাই বেশি, প্রিয়াঙ্কা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন অ্যালবামের দু-তিনটি গান নিজেই লিখবেন। এখন দেখার বিষয়, সাবেক বিশ্বসুন্দরী তার এই নতুন ইনিংসের মাধ্যমে তার জনপ্রিয়তাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান নাকি কয়েক ধাপ পিছিয়ে সবাইকে হতাশ করেন! রুম্মান রশীদ খানআইএমডিবি ডট কম, সিএএনগো ডট কম, মিড ডে, ফিল্মিতাড়কা ডট কম, বলিউড হাঙ্গামা, টুইটার, টাইমস অব ইন্ডিয়া, বলিউড মান্ত্রা ডট কম, হিন্দুস্থান টাইমস ও জুম টিভি অবলম্বনে