প্রিয়াঙ্কার সঙ্গে গৌরীর দুর্ব্যবহার
শাহরুখ-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না গৌরী ও তাঁর বন্ধুরা। সম্প্রতি শাহরুখের বাড়ি মান্নতে ঈদ উপলক্ষে আয়োজিত পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে দুর্ব্যবহার করেন গৌরী। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে অভিনেতা অর্জুন রামপালের স্ত্রী মেহের শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘অনুষ্ঠানে উপস্থিত অনেকেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন না। তার পরও তাঁকে কেন এখানে আমন্ত্রণ জানানো হলো?’ জবাবে শাহরুখ বলেন, ‘প্রিয়াঙ্কা আর সবার মতোই আমার ভালো বন্ধু। তার পরও তাঁর অনুষ্ঠানে আসা নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে নয়, প্রিয়াঙ্কাকেই সরাসরি জিজ্ঞেস করা উচিত এ ব্যাপারে।’ গৌরীর এ আচরণের সময় শাহরুখকে প্রিয়াঙ্কার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছিল ইচ্ছে করে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। আরও জানা যায়, আমন্ত্রিত অতিথি হূতিক রোশন প্রিয়াঙ্কার সঙ্গে যখন হাসি-ঠাট্টায় মেতে ছিলেন, তখন সেখানে চলে আসেন গৌরী। গৌরীকে দেখে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলা থামিয়ে দেন এই অভিনেতা। এ সময় প্রিয়াঙ্কাকে অবজ্ঞা করে হূতিককে নিয়ে যান গৌরী। মজার ব্যাপার হলো, প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক ও তাঁর সাহায্যে এগিয়ে আসার বিষয়টি নতুন কিছু নয়। এর আগে প্রিয়াঙ্কা যখন তাঁর ম্যানেজার প্রকাশকে নিয়ে আইনি জটিলতায় ভুগছিলেন, তখন টেম্পটেশন ট্যুরে শাহরুখ তাঁর সমস্যা সমাধানে এগিয়ে আসেন। মিড-ডে।