প্রীতমকে নতুন চেহারা দিলেন রণবীর কাপুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতম
প্রীতম

এতকাল মুখ ভর্তি দাড়ি আর ঝাঁকড়া চুলেই দেখা গেছে বাঙালি বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতমকে। তবে সম্প্রতি তাঁর চুল-দাড়ি ছাঁটানোর উদ্যোগ নিয়ে নতুন এক প্রীতমকে উপহার দিয়েছেন ‘জগ্গা জাসুস’ ছবির প্রযোজক-অভিনেতা রণবীর কাপুর। প্রীতমের নতুন এই রূপ বলিউডে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বলিউডের অভিনেতা রণবীর কাপুর ও বাঙালি বংশোদ্ভূত বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসুর পিকচার শুরু প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম ছবি ‘জগ্গা জাসুস’। এটি পরিচালনা করছেন অনুরাগ। আর সংগীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রীতমকে। কমেডিধর্মী ছবিটির নাম ভূমিকায় রয়েছেন রণবীর। আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট প্রমুখ। গত ১৫ নভেম্বর ছবিটির শুটিং শুরু হয়েছে। মুক্তি পাবে আগামী বছরের নভেম্বরে।
প্রীতমের নতুন রূপ প্রসঙ্গে এক টুইটার বার্তায় অনুরাগ লিখেছেন, ‘প্রীতমের মুখ ভর্তি দাড়ি আর লম্বা ঝাঁকড়া চুল দেখতে দেখতে আমাদের বিরক্তি ধরে গিয়েছিল। ‘‘জগ্গা জাসুস’’ ছবির সেটেই রণবীর সিদ্ধান্ত নেয় প্রীতমের চুল-দাড়ি ছেঁটে দিয়ে নতুন একটি রূপ দেওয়ার। পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নেরও ব্যবস্থা করা হয়।’