প্রীতমের ঈদ উপহার 'দূরের বন্ধু'

সংগীতশিল্পী প্রীতম আহমেদ এই ঈদে দূরের বন্ধু নামের একটি গান প্রকাশ করেছেন। প্রীতম জানিয়েছেন, গানটি তাঁর দর্শক-শ্রোতা-বন্ধু-সমালোচক-ভক্তদের জন্য ঈদ উপহার। গত ২৭ জুলাই গানটি প্রকাশিত হয়েছে।
তুমি দুরের বন্ধু তবু অনেক কাছে থাক/ ঐ চাঁদ তারাদের সাথে আমার সকাল সন্ধ্যা আঁকো— এমন কথার গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম আহমেদ নিজেই।
দূরের বন্ধু গানটি প্রসঙ্গে প্রীতম বলেন, এই গানে প্রতিবাদ নেই, বরং আছে বন্ধুত্বের আহ্বান। যে গানটির কথা-সুরে উঠে এসেছে খুব কাছের অথচ স্থান-কাল-পাত্র ভেদে যে বন্ধুরা অনেক দূরে থাকেন তাদের সঙ্গে সম্পর্কের নানা রঙের গল্প।’
প্রীতম এও বলেন, ‘গত এক দেড় বছর শুধু প্রতিবাদই করেছি। এবার ঈদ উত্সবকে মনে রেখে বন্ধুদের কথা ভেবে এই গানটি করেছি। কারণ এই চেনা-অচেনা বন্ধুরাই আমার চেতনাকে ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। ওরা ছাড়া আমার আর কোথাও কেউ নেই।’
প্রীতম অনলাইনে সমসাময়িক বিভিন্ন ইস্যু ভিত্তিক গান প্রকাশ করে প্রশংসিত হয়েছেন। গত এক-দেড় বছরে ঘটে যাওয়া দেশের বিভিন্ন অঘটনের প্রতিবাদ হিসেবে তিনি তাত্ক্ষণিক গান লিখেছেন এবং তাতে সুর দিয়ে কণ্ঠেও ধারণ করেছেন। এমনকি দুই-এক দিনের ব্যবধানে সেটা প্রকাশ করেছেন অনলাইনে (ফেসবুক-ইউটিউবে)। গানে গানে প্রীতমের প্রথম অনলাইন প্রতিবাদ ছিল ‘বিশ্বজিত্’ শীর্ষক গানটি। গানটি দেশ-বিদেশে দারুণ প্রশংসিত হয়। পর্যায়ক্রমে প্রীতম অনলাইনে প্রকাশ করেন ‘নাস্তিক’, ‘ফেলানি’, ‘সাগর রুনি’, ‘স্টপ রেপ’ এবং ‘একাত্তরের হাতিয়ার’ শীর্ষক আলোচিত গানগুলো।