প্রীতি-উষ্ণতায় সফিউদ্দীনের জন্মদিন
আয়োজনটি ছিল ঘরোয়া। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা ও হূদয়ের নিখাদ প্রীতিতে উষ্ণ। বয়সের ভারে দুর্বল শরীর। কিন্তু প্রিয় মানুষদের আগমনে তিনি যেন শক্তি খুঁজে পেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘খুব ভালো লাগছে আজ সবাইকে দেখে। সবার মঙ্গল কামনা করছি।’ গতকাল বৃহস্পতিবার ৮৯তম জন্মবার্ষিকীতে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন দেশের চারুকলা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সফিউদ্দীন আহমেদ। গতকাল বরেণ্য এ শিল্পীর ৮৯ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে তাঁর ধানমন্ডির বাসভবনে জন্মদিনের এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর সুহূদ, ছাত্র ও অনুরাগীরা। বিকেলে দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিল্পানুরাগীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শিল্পীর বাসভবন। বেশ কিছুদিন থেকেই তাঁর চলাচলে সমস্যা হচ্ছে। আছেন শয্যাশায়ী। জন্মদিনে অসংখ্য ভক্তের ভালোবাসা গতকাল দারুণ উপভোগ করেছেন তিনি। শুভেচ্ছা বিনিময়ে ক্লান্ত হননি।জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহীদ কবির, আবুল হাসনাত, রফি হক, আবুল খায়ের, খুশী কবির, সুবীর চৌধুরী, অশোক কর্মকার, বিশিষ্ট শিল্পী ও শিল্পানুরাগী। আনুষ্ঠানিকতা শেষে শিল্পীকে নিবেদন করে সংগীত পরিবেশন করেন ফরিদা পারভীন।শিল্পী সফিউদ্দীন আহমেদ ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে সম্মানের সঙ্গে ডিপ্লোমা লাভ করেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা অ্যাকাডেমি অব ফাইন আর্ট থেকে প্রেসিডেন্ট পদক, ১৯৪৭ সালে ভারতের পাটনার শিল্পকলা পরিষদ থেকে ‘দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক’, ১৯৬৩ সালে চারুকলায় অবদানের জন্য পাকিস্তান সরকারের দেওয়া ‘প্রেসিডেন্ট পদক’, ১৯৭৮ সালে চারুকলায় অবদানের জন্য ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। ১৯৪৮ থেকে ৭৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।