প্রীতি জিনতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা
প্রীতি জিনতা

বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্ধেরি আদালত। ‘জানে তু ইয়া জানে না’খ্যাত নির্মাতা, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা আব্বাস টায়ারওয়ালার দায়ের করা চেক-বাউন্স মামলায় হাজিরা না দেওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চলতি বছরের ২৪ মে মুক্তি পায় প্রীতি জিনতা প্রযোজিত ‘ইশক ইন প্যারিস’ ছবিটি। যৌথভাবে ছবিটির কাহিনি লেখার পাশাপাশি এতে অভিনয়ও করেন প্রীতি। মুক্তির মাত্র তিন দিনের মাথায় বহু প্রেক্ষাগৃহ ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেয়। এখন পর্যন্ত বছরের সবচেয়ে ফ্লপ ছবি এটি। দেড় শ মিলিয়ন রুপির বাজেটের ছবিটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে মাত্র ২০ মিলিয়ন রুপি। বক্স অফিসে ছবিটির এমন ভরাডুবির পর বহু ধার-দেনা করতে বাধ্য হন প্রীতি।  
‘ইশক ইন প্যারিস’ ছবির কিছু অংশের সংলাপ লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল আব্বাস টায়ালওয়ালাকে। কিন্তু এখন পর্যন্ত তাঁর পারিশ্রমিক পরিশোধ করেননি প্রীতি। আব্বাস তাঁর মামলার অভিযোগে দাবি করেছেন, প্রীতি তাঁকে ১৮.৯ লাখ রুপির চেক দিয়েছিলেন। কিন্তু চেক বাউন্স করেছে। এই মামলায় প্রীতিকে বারবার আদালতে হাজিরা দেওয়ার আদেশ দেওয়া হলেও তিনি তা মানেননি। পরপর চারবার তিনি আদালতের আদেশ অমান্য করেছেন। এজন্য তাঁকে জরিমানাও করা হয়েছিল। এসব কারণে সম্প্রতি প্রীতির বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

এদিকে প্রীতির আইনজীবী রত্নেশ্বর ঝা জানিয়েছেন, প্রীতি জিনতা মুম্বাই শহরে নেই—এমন আবেদনের পরও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে বোম্বে উচ্চ আদালতে আপিল করা হবে। রত্নেশ্বরের দাবি, ‘নির্ধারিত সময়ের মধ্যে সংলাপ লেখা শেষ করতে পারেননি আব্বাস। তিনি যখন সংলাপটি হস্তান্তর করেন তখন দেখা যায় তা যথেষ্ট মানসম্মত নয়। আব্বাসের লেখা সংলাপ ছবিতে ব্যবহারও করা যায়নি।’

প্রীতির আইনজীবী আরও দাবি করেন, ‘চেক বাউন্সের জন্য প্রীতি জিনতা দায়ী নন। চেকটি তিনি নিজ হাতে দেননি। সেটি দেওয়া হয়েছিল তাঁর অফিস থেকে। চেকের ওপর তারিখ বসিয়েছিলেন আব্বাস।’ এ বিষয়ে জানার জন্য আব্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম মন্তব্য করতে রাজি হননি।