প্রীতিতে উষ্ণ আল মাহমুদের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে/ হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।’ কয়েকজন তরুণ কবিতাটি সুর দিয়ে গাইলেন। খাটের ওপর পা মেলে বসে থাকা কবি আল মাহমুদের চোখ ছলছল।দৃষ্টিশক্তি তার ক্ষীণ। শরীরে শৈথিল্য। গতকাল সোমবার বয়স ছুঁয়েছে ৭৬ বছর। সমকালীন বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৭৬তম জন্মদিনে শুভানুধ্যায়ী, স্বজন ও সহযাত্রীরা শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন তাঁকে।জন্মদিনের অনুষ্ঠান বললে যে রকমের জাঁকজমক, আনুষ্ঠানিকতার কথা মনে আসে, তেমন নয়। সাদামাটা ঘরোয়া আয়োজন। কিন্তু নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ ছিল আয়োজন। কবির জন্মদিনে মগবাজারের বাসভবনে প্রীতি সম্মেলনের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘কবিতা’। সহযোগিতায় ছিল ‘ডাকটিকিট’।সকাল থেকেই কবি-সাহিত্যিক, কাব্যানুরাগী ও শুভানুধ্যায়ীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে ৮৮ মগবাজারের বাড়িটি। তাঁদের মধ্যে ছিলেন কবি আসাদ চৌধুরী, কাজী রোজী, নাসির আহমেদ, জুবায়দা গুলশান আরা, আখতার হুসেন, নাসির আলী মামুন, আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, জাকির আবু জাফর, আনজীর লিটন, জাফর আহমদসহ অনেকে। এ ছাড়া দৈনিক সমকাল, দৈনিক আমার দেশ, ফুলকুঁড়ি, নিমন্ত্রণ, অনুপম, সন্দীপনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা কবিকে ফুলেল শুভেচ্ছা জানান। কবি কথা বললেন খুব কম। শরীর সমর্থন দেয়নি। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘আমি আজ অনেক অভিভূত। কষ্ট করে আমার জন্মদিনে আসায় ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ জীবনের শেষ দিন পর্যন্ত কবিতা লিখে যেতে চাই, মানুষকে স্বপ্ন দেখাতে চাই।’আয়োজনে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, ‘কবিকে জন্মদিনের অভিনন্দন জানাই। ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্যে তিনি রেখেছেন অসামান্য অবদান। আমাদের প্রতিটি সাহিত্য আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের জানান দিয়েছেন, সাংস্কৃতিক আন্দোলনের পথ পাড়ি দেওয়া কতটা কঠিন।’ কবির জন্মদিনের কেক কাটার আনুষ্ঠানিকতা শেষে তাঁকে নিয়ে জমে ওঠে আড্ডা। সহযাত্রী কবি, শুভানুধ্যায়ী, স্বজন ও ভক্তরা আল মাহমুদকে ঘিরে মেতে ওঠেন আনন্দময় আড্ডায়। এ সময় কবির কালজয়ী কাব্যগ্রন্থ সোনালী কাবিনসহ বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করা হয়। সঙ্গে ছিল কবির জীবনের নানা পর্বের স্মৃতিচারণা।