প্রীতিতে উষ্ণ সফিউদ্দিনের জন্মদিন
আয়োজনটি ছিল ঘরোয়া। শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের প্রতি হূদয়ের নিখাদ শ্রদ্ধা ও প্রীতিতে উষ্ণ। বয়সের ভারে দুর্বল শরীর; কিন্তু প্রিয় মানুষের আগমনে তিনি যেন শক্তি খুঁজে পেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘খুব ভালো লাগছে আজ সবাইকে দেখে। সবার মঙ্গল কামনা করছি।’ গতকাল ৮৮তম জন্মবার্ষিকীতে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন দেশের চারুকলা আন্দোলনের অন্যতম পথিকৃত শিল্পী সফিউদ্দিন আহমেদ। গতকাল বুধবার বরেণ্য এই শিল্পীর ৮৮ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে তাঁর ধানমন্ডির বাসায় জন্মদিনের এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর সুহূদ, ছাত্র ও অনুরাগীরা। বিকেলে দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পানুরাগীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শিল্পীর বাসভবন। বেশ কিছুদিন ধরেই তাঁর চলাচলে সমস্যা হচ্ছে। আছেন শয্যাশায়ী। জন্মদিনে অসংখ্য ভক্তের ভালোবাসা গতকাল দারুণ উপভোগ করেছেন তিনি। শুভেচ্ছা বিনিময়ে ক্লান্ত হননি। গতকাল তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক আলভী, ফরিদা জামান, আবুল খায়ের, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরীসহ বিশিষ্ট শিল্পী ও শিল্পানুরাগীরা। আনুষ্ঠানিকতা শেষে শিল্পীকে নিবেদন করে সংগীত পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান ও অদিতি মহসিন।শিল্পী সফিউদ্দিন আহমেদ ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে সম্মানের সঙ্গে ডিপ্লোমা লাভ করেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা একাডেমি অব ফাইন আর্ট থেকে একাডেমি প্রেসিডেন্ট পদক, ১৯৪৭ সালে ভারতের পাটনার শিল্পকলা পরিষদ থেকে ‘দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক’, ১৯৬৩ সালে চারুকলায় অবদানের জন্য পাকিস্তান সরকারের দেওয়া ‘প্রেসিডেন্ট পদক’, ১৯৭৮ সালে চারুকলায় অবদানের জন্য ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। ১৯৪৮ থেকে ৭৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।শিল্পকলায় হারানো দিনের গানহারানো দিনের গানের আবেদন যে শেষ হওয়ার নয়, তা আরও একবার প্রমাণিত হলো। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল বুধবার একাডেমীর প্রযোজনা বিভাগ আয়োজন করেছিল ফেলে আসা দিনের বাংলা গানের অনুষ্ঠানের। উপস্থিত দর্শক-শ্রোতারা তন্ময় হয়ে উপভোগ করেন প্রতিটি গান।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রফিকুল আলম, তিমির নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, শাম্মী আখতার, রুমানা ইসলাম, সুমনা বর্ধন, ইফফাত আরা নার্গিস, তনিমা হাদী, পারভীন সুলতানা, রুখসানা মমতাজ প্রমুখ। তাঁরা গেয়ে শোনান ‘কেউ কোন দিন আমারে তো কথা দিলো না’, ‘কেন আশা বেঁধে রাখি’, ‘তুমি যে আমার ওগো তুমি যে আমার’, ‘চেনা চেনা লাগে তবু অচেনা’, ‘তুমি না হয় রহিতে কাছে’, ‘আকাশের ওই মিটি মিটি তারার সাথে’, ‘নিশি রাত বাঁকা চাঁদ আকাশে’, ‘যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে’, ‘এ সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, ‘একটা গান লিখ আমার জন্য’ ইত্যাদি গান।আজ থেকে শিল্পকলায় প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে নবীন চিত্রশিল্পীদের বিশেষ প্রদর্শনী। চিত্রশালা গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ৩০ জুন পর্যন্ত।