আয়েষা-জগৎ সিংহ, চারুলতা-অমল, লাবণ্য-অমিত আর পার্বতী-দেবদাস—আচ্ছা, বঙ্গসাহিত্যের সেকালের চরিত্রগুলো একালে কেমন করে নিজেদের প্রেমকে ব্যাখ্যা করতেন?
কিন্তু বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রকে এখন আর কোথায় পাওয়া যাবে! কিন্তু এ জিজ্ঞাসা তো আছেই... তাই দুর্গেশনন্দিনী, শেষের কবিতা, ‘নষ্টনীড়’ ও দেবদাস-এর এ চার যুগলের অন্তর্লোকের অনুভবকে ধারণ করে এ কালের আট সাহিত্যিক নতুন করে লিখেছিলেন আত্মকথন ও চিঠি।
‘সাহিত্যে প্রেম, সে কি নিকষিত হেম?’ সানন্দা পত্রিকার ১৯৯৩ সালের ৫ ফেব্রুয়ারি প্রকাশিত সে রচনাগুলো থেকে গতকাল শনিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পরিবেশিত হলো ‘প্রীতিভান্ডারের চাবি’।
মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ২৫ বছর পূর্তি ছিল গত ১২ জানুয়ারি। এ উপলক্ষে কেন্দ্রের পক্ষ থেকে রেজীনা ওয়ালীর নির্দেশনায় পরিবেশিত হলো এই আবৃত্তি প্রযোজনা।
বঙ্কিমের আয়েষা-জগৎ সিংহ নিয়ে লেখেন একালের কবিতা সিংহ ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দেবদাস-এর পার্বতী-দেবদাসকে নিয়ে লেখেন কঙ্কাবতী দত্ত ও দিলীপ রায়। ‘নষ্টনীড়’-এর চারুলতা আর অমলকে নিয়ে লেখেন গৌরী ঘোষ ও জয় গোস্বামী। বাণী বসু ও সুনীল গঙ্গোপাধ্যায় নতুন করে লেখেন শেষের কবিতার লাবণ্য-অমিতকে।