বক্স অফিসে শেষ কবে প্রীতি জিনতা অভিনীত ছবি এসেছে, ভক্তরাও হয়তো মনে করতে পারবেন না। বলিউডের এই মিষ্টি মেয়ে যেন চলচ্চিত্র থেকে হঠাৎ করে হারিয়েই গিয়েছিলেন। ভক্তদের হতাশ করে ব্যস্ত ছিলেন আইপিএল ও হার্ভার্ড বিজনেস স্কুলে ব্যবস্থাপনার ওপর কোর্স নিয়ে। অনেকেই ভেবেছেন, অচিরেই ক্যালেন্ডারের পাতার মতোই হারিয়ে যাবেন বুঝি প্রীতি। বয়সও তো মেঘে মেঘে কম হলো না। কিন্তু কুড়িয়োকো হ্যায় জামানা—এই তত্ত্ব এখন মাঠে মারা যাওয়ার জোগাড়। বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের অনেকের বয়স ৩০ ছাড়িয়ে গেলেও জনপ্রিয়তায় তাঁরা এখনো রয়েছেন সেরা অবস্থানে। সুখবর, প্রীতি আড়মোড়া ভেঙেছেন। নিজের অবস্থানে ফেরার লড়াইয়ে নামতে ফিরছেন নতুন ছবি নিয়ে। ১৯৭৫ সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর মুম্বাই ছবিতে অভিষেক ঘটে সাড়া জাগানো পরিচালক মণিরত্নমের দিল সে ছবিতে তাঁর প্রিয় নায়ক শাহরুখ খানের বিপরীতে। অথচ অভিনেত্রী হওয়ার স্বপ্ন কখনোই দেখেননি প্রীতি। প্রীতির বাবা ছিলেন ভারতীয় আর্মি অফিসার। প্রীতির ১৩ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। বর্তমানে ভাইও আছেন সেনাবাহিনীতে। এতটুকুই আশা ছিল, সিমলার সেন্ট বেডস কলেজ থেকে ক্রিমিনাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর শেষ করে পিএইচডি ডিগ্রি অর্জন করবেন। ১৯৯৬ সালে শখ করে শুরু করেন মডেলিং। হাসিখুশি লাবণ্যে ভরা চেহারায় গালে টোল পড়া প্রীতির লিরিল সোপ আর পার্ক চকলেটের সেই বিজ্ঞাপনচিত্রগুলো মনে ধরে যায় শেখর কাপুরের। তিনি প্রীতিকে নিয়ে তারা রাম পাম নামের একটি ছবির পরিকল্পনাও করে ফেলেন। কিন্তু শেখর কাপুরের সেই ছবিটি আর বানানো হয়নি। এমন সময় আরেকটি ছবির অফার পেয়ে বন্ধুদের বিশেষ অনুরোধে কেয়া কেহনা ছবিটি সই করে ফেলেন প্রীতি। তবে প্রথম মুক্তি পায় মণিরত্নমের দিল সে। তখনো হয়তো প্রীতি জানতেন না, ক্যারিয়ারের প্রথম ছবিতেই তিনি অর্জন করবেন ফিল্মফেয়ার, আইফা, জি সিনেসহ একাধিক পুরস্কার। প্রীতি এই ছবির মাধ্যমে ফিল্মফেয়ারে সেরা নবাগতা পুরস্কার লাভ করেন। এরপর প্রীতি সবার প্রিয় হয়ে ওঠেন একই বছর আব্বাস মুস্তানের সোলজার ছবিতে ববি দেওলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। বহুমুখী অভিনেত্রী প্রীতি জিনতাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভুবনজয়ী হাসি ও দক্ষ অভিনয়ের মধ্য দিয়ে এরপর একে একে তিনি মিশন কাশ্মীর (২০০০), চোরি চোরি চুপকে চুপকে (২০০১), দিল চাহতা হ্যায় (২০০১), দিল হ্যায় তুমহারা (২০০২), কোই মিল গ্যায়া (২০০৩), কাল হো না হো (২০০৩), বীর জারা (২০০৪), সালাম নমস্তে (২০০৫), কাভি আলবিদা না কেহনা (২০০৬), ঝুম বরাবর ঝুম (২০০৭)-এর মতো ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন। কাল হো না হো ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা জয় করেন প্রীতি। ২০০৫ সালে আইফা অ্যাওয়ার্ডসে প্রীতিকে পুরস্কৃত করা হয় স্টাইল আইকন হিসেবে। হিন্দি ছবি ছাড়াও প্রীতি জিনতা তেলেগু, পাঞ্জাবি ও ইংলিশ ছবিতেও নানা সময় অভিনয় করেছেন। সর্বশেষ ২০০৮ সালে মুক্তি পায় প্রীতি অভিনীত হিরোস ছবি।দীর্ঘ চার বছর বিরতির পর আবারও রুপালি পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। ছবির নাম ইশক ইন প্যারিস। ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও শুটিংয়ের বিলম্বের কারণেই তা পিছিয়ে আগামীকাল মুক্তি পাবে ছবিটি। ছবির বেশির ভাগ শুটিং হয়েছে প্যারিস শহরে। তাই আবহাওয়াজনিত কারণে প্রায়শই ছবির শুটিং বন্ধ রাখতে হয়েছিল। অভিনয়ের পাশাপাশি প্রীতি ছবিটি প্রযোজনাও করেছেন। প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখালেন প্রীতি। প্রীতির এই ছবিতে তাঁর বিপরীতে নেই তেমন নামীদামি কোনো তারকা। রোমান্টিক ঘরানার এই ছবিতে তাঁর বিপরীতে অভিষেক হবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রেহান মালিকের। সাধারণ পরিবারের একজন তরুণীর স্বপ্নপূরণের পথে নানা সমস্যা ও জটিলতা নিয়ে এই ছবির পটভূমি গড়ে উঠেছে। ছবি প্রসঙ্গে প্রীতি বলেন, ‘অনেক দিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে। ছবির স্ক্রিপ্ট আমি নিজেই লিখেছি। এ ধরনের চরিত্রে আমি আগে কখনোই অভিনয় করিনি। আশা করছি, আমার চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’ ছবিটির ফ্যাশন ডিজাইনার সুরিলি গোল জানান, ছবিটি আমার ও প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ‘এটা হচ্ছে প্রীতির চলচ্চিত্রে ফেরার লড়াই আর আমিও লম্বা বিরতির পর একটি ছবির ডিজাইন করছি।’ প্রীতি-ভক্তদের জন্য আরও একটি সুখবর হলো, ইশক ইন প্যারিস ছাড়াও তাঁকে আগামী বছর হার পাল ও ভাইজি সুপারহিট ছবি দুটিতেও দেখা যাবে। সাজিদুল হকহিন্দুস্তান টাইমস, কোই মোই, বক্স অফিস ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, রেডিফ, ফিল্মফেয়ার, আইএমডিবি অবলম্বনে