প্রীতিলতা: যাত্রায়, পত্রিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এত পত্রিকার মাঝে একটি পত্রিকা, এত অনুষ্ঠানের মাঝে একটি অনুষ্ঠান—“প্রীতিলতা”। ভাবতেও ভালো লাগছে।’ অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে এভাবেই নিজের অনুভূতির কথা বলছিলেন সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে আয়োজিত মাসিক পত্রিকা প্রীতিলতার প্রকাশনা এবং যাত্রাপালা বীরকন্যা প্রীতিলতার প্রদর্শনীতে এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই বলা এ কথা যেন মিলনায়তনে উপস্থিত সবার মনে উচ্চারিত হচ্ছিল।
অনুষ্ঠান শুরু হয়েছিল নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় পর। অপেক্ষার সময়টুকু মন্দ কাটেনি দর্শকদের, শীতাতপনিয়ন্ত্রিত মিলনায়তনে শব্দযন্ত্রে একের পর এক রবীন্দ্রসংগীত সময়কে সার্থক করে তুলছিল। দেরিতে শুরু হওয়ার কারণে নতুন পত্রিকা প্রীতিলতা এবং উদ্বোধনী অনুষ্ঠানটিকে সংক্ষিপ্ত করে বুদ্ধিমত্তার পরিচয় দিতে ভোলেননি আয়োজকেরাও। এ পর্বে প্রধান অতিথি ফাতেমা তুজ জোহরা ছাড়া আরও বক্তৃতা দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ। এ ছাড়া পত্রিকাটির উপদেষ্টা এনায়েত কবির খোকনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাসিক প্রীতিলতার সম্পাদক হাসান কবির। তাঁদের সংক্ষিপ্ত আলোচনার পরই শুরু হয় যাত্রাপালা।
বীরকন্যা প্রীতিলতা যাত্রাপালাটি পরিবেশন করে জয়যাত্রা। লিখেছেন সাধন মুখার্জি। কোনো কাল্পনিক গল্পের নয়, ইতিহাসের এক অনন্যঘটনা যাত্রাপালা। ১৯৩২ সাল, তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে। পরাক্রমশালী ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ‘প্রীতিলতা’। আত্মদান করে প্রমাণ করেছেন, মেয়েরাও পারে মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে। বাংলাদেশেরই নারী প্রীতিলতা ওয়াদ্দেদার।
ইতিহাসের সত্য কাহিনি নিয়ে তৈরি এ পালায় দেখা যায়, ইউরোপীয় ক্লাব থেকে বিপ্লবীদের সংকেত পাওয়ার পর, প্রীতিলতার নেতৃত্বে সাতজন তরুণ ঝাঁপিয়ে পড়লেন ইংরেজদের ওপর। এই হামলার পর সবাই নিরাপদে ফিরে এলেন, ফিরে এলেন না দলনেতা প্রীতিলতা। ধরা পড়ার অপমান ঠেকাতে ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে আত্মদান করলেন। পরের দিন পুলিশ ক্লাবের পাশে পড়েন থাকা লাশকে পুরুষ ভেবেছিল। কিন্তু মাথার পাগড়ি খুলে লম্বা চুল দেখে শুধু ব্রিটিশ পুলিশ নয়, গোটা ব্রিটিশ সরকারই নড়েচড়ে উঠল।
প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন পূরবী দত্ত।