প্রেক্ষাগৃহ আধুনিকায়নের খবর কী?

সারা দেশের প্রেক্ষাগৃহের আধুনিকায়নে সিনেমা হল ডিজিটালাইজেশন প্রকল্প কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রায় তিন মাস আগে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এরপর পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে পাস হওয়ার কথা প্রকল্পটি। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো তথ্য মন্ত্রণালয়েই সেটি আটকে আছে।
এই প্রকল্পের আওতায় বছরখানেক আগে প্রাথমিকভাবে সারা দেশ থেকে ৮৩টি হল পরিদর্শন করে প্রকল্প কমিটি। যাচাই–বাছাই করে ৫২টি হল চূড়ান্ত করে প্রতিবেদন তথ্য মন্ত্রণালয় জমা দেয়। ওই প্রতিবেদন দেখে পরে মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন জায়গায় কমিটি করে আরও একবার এসব হল যাচাই–বাছাই করা হয়। সেখান থেকে ৫০ কোটি টাকার মধ্যে ৪০টি হলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। সেই ৪০টি হলের নাম দিয়ে তথ্য মন্ত্রণালয় পুনরায় প্রকল্প কমিটিকে নতুন প্রতিবেদন পাঠাতে বলে।
৫০ কোটি টাকার বাজেটে থাকছে সিনেমা হল সংস্কার, সার্ভার মেশিন স্থাপন, অত্যাধুনিক পর্দা, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম, প্লেয়ার মেশিনসহ আরও বেশ কিছু জিনিস।
এদিকে সিনেমার দুর্দিন চরমে। বছর বছর সিনেমা কমছে। এক এক করে বন্ধ হচ্ছে সিনেমা হল। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি তাদের দাবি মানা না হলে আগামী ১২ এপ্রিল থেকে হল বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। এ অবস্থার মধ্যে হলে মেশিন স্থাপনসহ হল আধুনিকায়ন করতে প্রকল্পটি ঝুলিয়ে না রেখে দ্রুত কার্যকর করার জন্য সরকারকে তাগিদ দিচ্ছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ও প্রকল্প কমিটির সদস্যরা।
প্রকল্পটির সদস্যসচিব ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ূব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা গত বছরের ডিসেম্বর মাসে চূড়ান্ত প্রতিবেদন তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি। মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে প্রকল্পটি পাস হওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর কথা। কিন্তু আমার জানামতে এখনো পরিকল্পনা মন্ত্রণালয়ে এটি পাঠানো হয়নি।’ তবে তিনি বললেন, শিগগিরই তথ্য মন্ত্রণালয় মিটিং করে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিবেদনটি পাঠাবে।
এর জন্য সরকারের মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের জটিলতাকে দায়ী করলেন প্রদর্শক সমিতির উপদেষ্টা ও প্রকল্প কমিটির সদস্য মিঞা আলাউদ্দিন। তিনি বলেন, প্রতিবছর মন্ত্রণালয়ের সচিব পরিবর্তিত হয়। নতুন সচিবের সবকিছু গুছিয়ে নিতেই ছয় মাস চলে যায়। এ কারণেই প্রকল্প পাস হয়ে আসতে দেরি হয়ে যাচ্ছে। এতে করে সিনেমা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিনেমা বাঁচাতে এই প্রকল্পের বাস্তবায়ন জরুরি।
তথ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের উপপ্রধান রবিউল ইসলাম প্রকল্পটি জমা পড়ার কথা স্বীকার করে বলেন, এখনো অনেক কাজ বাকি আছে। প্রকল্পটি নিয়ে আরও আলোচনা হবে। যাচাই–বাছাই করে আরও সংশোধন হতে পারে। সহজে ফাইলটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে না।
রবিউল ইসলাম বলেন, সামনে মন্ত্রী মহোদয়ের সঙ্গে একটা মিটিং আছে। সেখানে এ বিষয়ে আলাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই প্রকল্প নিয়ে আলাদা মিটিং করতে একটু দেরি হতে পারে।