প্রেক্ষাগৃহ সংস্কারের উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়াম
সিয়াম

আমাদের দেশ থেকে বিনোদনের অনেকগুলো মাধ্যম হারিয়ে গেছে। রেস্টুরেন্ট ছাড়া বিনোদনের কোনো জায়গা নেই। এখান থেকে বের হয়ে যেন আমরা দেখি প্রতি মাসে অন্তত একটা ভালো ছবি মুক্তি পাচ্ছে। সবাই যেন পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে যেন এমন একটা কথার প্রচলন হয়, বাংলাদেশের সিনেমা মানে ভিন্নধর্মী কিছু। চলচ্চিত্রে আমি এখনো শিশু, মাত্র হাঁটতে শিখছি। আমরা ছোট-বড় সবাই মিলে যদি সেই একই লক্ষ্য নিয়ে কাজ করি, তাহলে ওই অর্জনের সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব।

আমাদের মধ্যে মতের অমিল হতে পারে। কিন্তু সেটা হতে হবে কীভাবে ভালো কাজ করা যায়, তা নিয়ে। এমন ভাবনা যেন না আসে, একজন ওপরে উঠে যাচ্ছে, তাঁকে টেনে নামাতে হবে। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে চাই। এটা একটা পরিবার। পরিবারের সবাই যদি আন্তরিকতা নিয়ে কাজ করে, তাহলে দর্শককে মানসম্পন্ন কিছু দেওয়া সম্ভব। একজনের প্রয়োজনে যদি আরেকজন এগিয়ে আসে, কেউ যদি কারও কাজে বাধা না দেয়, তাহলে সেটা সম্ভব। সবাই চায় দেশে ভালো ছবি হোক, বাংলাদেশের ছবি ভালো হোক।

ভালো ছবির সেই লক্ষ্যে পৌঁছাতে অনেকের পৃষ্ঠপোষকতা দরকার। সে ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। যাদের অর্থ আছে, নিজেদের পণ্যের প্রচার করতে চায়, তাদের উচিত সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। তারা মাল্টিপ্লেক্স নির্মাণ নিয়ে ভাবতে পারে, সিনেমায় বিনিয়োগ করতে পারে।

নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ আর পুরোনোগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সরকারকে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। হলগুলোতে আধুনিক প্রযুক্তি সংযোজন করা প্রয়োজন। তাহলে যেসব মালিক প্রেক্ষাগৃহ ভাঙার পরিকল্পনা করছেন, সেটা আর করবেন না। ব্যবসায়ীরা যদি পাঁচটা করে প্রেক্ষাগৃহ সংস্কারের উদ্যোগ নেন, সেটাও কাজে দেবে।

আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের সিনেমাকে সামনে তুলে ধরা। যেমন সবাই জয়া আহসান আপার ছবির প্রচার করছে। আমার বন্ধুরা আমার ছবির প্রচার করবে। শাকিব খান ভাইয়ের ছবি মুক্তি পেলে, সুযোগ থাকলে, আমরা প্রচার করি। এভাবে আমরা একজন যদি অন্যজনের ছবি নিয়ে কথা বলি, প্রচার করি, তাহলে দর্শকও বুঝবে, আমাদের মধ্যে একতা আছে। তখন আমাদের ছোটখাটো ভুলত্রুটিগুলোর জন্য তারা আমাদের দূরে ঠেলে দেবে না। আমরা কোনো ভুল করলে যেন বড়রা কাছে ডেকে ধরিয়ে দেন। তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারব।