প্রেক্ষাগৃহকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থা রোধ করতে না পারলে দেশের সংস্কৃতি অঙ্গনে শিগগিরই স্থবিরতা তৈরি হবে। দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করার জন্য ভালো ছবি তৈরির বিকল্প নেই। ইদানীং কিছু ভালো ছবি তৈরি হচ্ছে। ভালো ছবি নির্মাণের প্রতিযোগিতা তৈরি হলেই দর্শকেরা আবার প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে।’ ‘সিনেমা হল বাঁচাও’ শীর্ষক মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করলেন বক্তারা। গত শনিবার সকালে সিলেট নগরের রিকাবীবাজার এলাকার সিলেট মিলনায়তনে চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এই মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় অংশ নেন সিলেটের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিক, দর্শক, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ পেশাজীবী সংগঠনের নেতারা। তারেক মাসুদের সঞ্চালনায় এখানে বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক ভবতোষ রায়বর্মণ, সাবেক সভাপতি নিরঞ্জন দে, লালকুঠি প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী মঞ্জুর আহমদ, প্রান্তিক পর্ষদের সভাপতি উজ্জ্বল রায় প্রমুখ। সভা সমন্বয় করে সিলেটের সাংস্কৃতিক সংগঠন প্রান্তিক পর্ষদ, চোখ ও মুভিয়ানা ফিল্ম সোসাইটি। তারেক মাসুদ বলেন, ‘সিনেমা হলগুলোকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ হলগুলো একের পর এক বন্ধ হয়ে গেলে জাতির সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে পড়বে।’ তিনি জানান, বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহগুলোর সমস্যা, সম্ভাবনা ও সংকট নিয়ে তিনি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। এখানে হলের মালিক, দর্শক, সংস্কৃতিকর্মীদের বক্তব্য থাকবে। সবার বক্তব্যের মধ্য দিয়ে সমস্যার পাশাপাশি উত্তরণের পথগুলোও উঠে আসবে প্রামাণ্যচিত্রে।এদিকে সিলেটে তারেক মাসুদের নতুন ছবি রানওয়ের তিন দিনব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে।