প্রেক্ষাগৃহে ঢোকার অনুমতি পেলেন না শাহরুখ!

বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ঈদ উপহার ‘চেন্নাই এক্সপ্রেস’ দেখার জন্য দর্শকেরা প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়লেও শাহরুখকেই কিনা প্রেক্ষাগৃহে ঢুকতে বাধার মুখে পড়তে হলো! গোলমেলে শোনালেও সম্প্রতি এমনটাই ঘটেছে কিং খানের সঙ্গে। মুম্বাইয়ের দুটি প্রেক্ষাগৃহে ঢোকার অনুমতি পাননি বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।
মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছেন শাহরুখ। দর্শক প্রতিক্রিয়া জানার জন্য বিভিন্ন প্রেক্ষাগৃহে ঢুঁ মারছেন তিনি। ১৫ আগস্ট মুম্বাইয়ের দুটি প্রেক্ষাগৃহে হাজির হয়ে ছবির প্রচারণা চালানোর জন্য অনুমতি চেয়েছিলেন শাহরুখ। শুরুতে হল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পাশাপাশি তাঁর আগমনবার্তা ফলাও করে প্রচারও করা হয়। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার কারণ দেখিয়ে অনুমতি প্রত্যাহার করে নেয় হল কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘মিড-ডে’।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় শাহরুখ লেখেন, ‘স্বাধীনতা দিবসে মানুষের উপচে পড়া ভিড় আর হল কর্তৃপক্ষের বাধার কারণে পিভিআর ফোনিক্স কারলা এবং পিভিআর ফোনিক্স লোয়ার প্যানেলে যেতে পারছি না। অন্যান্য প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে দেখা হবে।’
হল কর্তৃপক্ষের কাছের একটি সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন হল-মালিকরা। এমনিতেই রাষ্ট্রীয় ছুটির দিনগুলোতে ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকেরা। প্রায় দ্বিগুণ মানুষের সমাগম হয়। তার ওপর শাহরুখ খান উপস্থিত হলে যে পরিমাণ মানুষ সেখানে যেতেন, সেই ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত লোকবল না থাকায় অনুমতি প্রত্যাহার করে নিতে হয়েছে। তবে এখন চাইলে যেকোনো সময়ে তাঁকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছেন হল-মালিকরা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন হল-কর্মচারী জানিয়েছেন, ‘এর আগেও একজন বড় তারকা এসেছিলেন। তখন প্রচণ্ড ভিড়ের কারণে প্রেক্ষাগৃহের অনেক ক্ষতি হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এবার কোনো ঝুঁকি নিতে চাননি হল-মালিকরা।’
৯ আগস্ট মুক্তি পাওয়ার পরপরই বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটিয়েছে রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মাত্র চার দিনেই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি।
এর মাধ্যমে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’। ছবিটির বাজেট ছিল ৭৫ কোটি রুপি। এক সপ্তাহে ছবিটির ঝুলিতে জমা পড়েছে প্রায় ১৫০ কোটি রুপি। এর আগে শাহরুখের ‘মাই নেম ইজ খান’ প্রথম সপ্তাহে আয় করেছিল ৩০ কোটি রুপি, ‘রা ওয়ান’ ৯২ কোটি, ‘ডন টু’ ৪৮ কোটি ও ‘যব তক হ্যায় জান’ ১৫ কোটি ২৩ লাখ রুপি।