প্রেক্ষাগৃহে দর্শক আসবে তো?

প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদ এবং তার পরের কয়েকটি দিনে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজন। আজ থাকছে চট্টগ্রামের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
রোববার। সন্ধ্যা ছয়টা। চট্টগ্রামের প্রাচীনতম প্রেক্ষাগৃহ ‘সিনেমা প্যালেস’ চত্বর।
ঈদ উপলক্ষে এখানে দেখানো হচ্ছে অগ্নি ২। মিলনায়তনের বাইরে ছবিটির বড় ব্যানার। কিছুক্ষণ পর সন্ধ্যাকালীন শো শুরু হবে। তার জন্য টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কাউন্টারের সামনে তেমন লোকজন নেই। প্রেক্ষাগৃহের চারপাশেও কৌতূহলী দর্শক চোখে পড়ল না। কাউন্টারে দর্শকের জন্য অপেক্ষমাণ টিকিট বিক্রেতার সঙ্গে কথা বলে দোতলায় গেলাম প্রেক্ষাগৃহের মালিক আবুল হোসেনের কক্ষে। তাঁর কণ্ঠে হতাশার সুর, ‘সিনেমা দেখতে লোকজন তো আসে না। অনেক আগেই এটি বন্ধ করে দিতাম। কিন্তু আমার ৫৫ জন স্টাফের কথা ভেবে কিছু করতে পারি না। অনেকেই এখানে তাদের জীবনটা কাটিয়ে দিয়েছে। এখন সিনেমা চালিয়ে আমরা কিছু পাই না। যা আয় হয়, তা দিয়ে স্টাফদের বেতন ভালোভাবে দিতে পারি না।’
আবুল হোসেনের সঙ্গে কথা বলতে বলতে বিকেলের শো শেষ হয়। তিনি জানালেন, ঈদ উপলক্ষে কিছু দর্শক হয়েছে। সব মিলিয়ে এই শোতে দর্শক ছিল ৭০ জন। অথচ এই মিলনায়তনের ধারণক্ষমতা এক হাজার জনের।
সিনেমা চলে না কেন? জানতে চাইলাম আবুল হোসেনের কাছে। জবাবে তিনি বললেন, ‘টেলিভিশনে কত ভালো ভালো সিনেমা, নাটক চলে। এসব ছবি কে দেখবে। ভালো ছবি, দর্শকদের আনন্দ দিতে পারে—এ রকম ছবি তো কেউ বানায় না। নতুন নতুন নায়ক-নায়িকা তুলে আনতে হবে। শুধু শাকিব আর অপু বিশ্বাস দিয়ে কদিন চলবে? সিনেমা হলের দর্শক বাড়াতে হলে সরকারকে উদ্যোগ নিতে হবে।’
সিনেমা প্যালেসের এ অবস্থা থেকে একটু ভালো মনে হলো আলমাস সিনেমায়। এখানকার ব্যবস্থাপক এ টি এম ফারুক জানালেন, রোববার বিকেলের শোতে আলমাসে ১৫০ জন দর্শক ছিলেন। তিনি বললেন, ‘ঈদের মৌসুমের মতো যদি সারা বছর চলত, তাহলে আমরা কোনোমতে বেঁচে যেতাম।’
আলমাস সিনেমায় প্রদর্শিত ছবিটির নাম আশিকী। আলমাস সিনেমায় কবে ‘হাউস ফুল’ হয়েছিল, সে কথা ব্যবস্থাপকের মনেও নেই। তিনি বললেন, ‘১৯৬৭ সালে কোরবানির ঈদে এই প্রেক্ষাগৃহে আমি চাকরি নিই। এই জীবনে এখানকার সিনেমার কৈশোর, যৌবনকাল দেখলাম। এখন তার অন্তিমকাল দেখছি। এই শহরে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহ ছিল। এখন মাত্র চারটি। সিনেমা প্যালেস, আলমাস, দিনার আর পূরবী। তারপরও দর্শক নেই।’ এবার প্রেক্ষাগৃহে দর্শক আসবে তো?