প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ১০০ দিন পূর্ণ
গেরিলা ছবিটি মুক্তি পায় ১৪ এপ্রিল। আর সারা দেশে এরপর থেকে বলাকা ও স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে টানা প্রদর্শিত হচ্ছে ছবিটি। আজ শুক্রবার স্টার সিনেপ্লেক্সে গেরিলা প্রদর্শনীর শততম দিন পূর্ণ করছে। আর গতকাল বৃহস্পতিবার বলাকায় পূর্ণ হলো ৯৯ দিন। এতে দারুণ খুশি ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান ও মুক্তিযুদ্ধে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বললেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের এখন একটা মন্দাভাব চলছে। সেখানে একটা ছবি প্রেক্ষাগৃহে টানা ১০০ দিন প্রদর্শিত হচ্ছে। আমি মনে করি, আমাদের চলচ্চিত্রের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বক্স অফিসে বাণিজ্যিক ছবির ব্যর্থতা মানেই চলচ্চিত্রের জন্য অশনি সংকেত। ছবি তৈরি হয় দর্শকদের দেখানোর জন্য। তা যদি দর্শক না দেখে, তাহলে চলচ্চিত্রশিল্প রুগ্ণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে গেরিলা সবাইকে আলোর পথ দেখিয়েছে।’জুন মাসে ঢাকায় এসেছিলেন ভারতের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। গেরিলা দেখে ই-মেইল বার্তায় প্রথম আলোকে তিনি নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘গেরিলা—এক অসাধারণ অভিজ্ঞতা! এই ছবি ইতিহাসের, তবে এটি পুনর্জন্মেরও, তাই জীবন্ত। এটি একটি যথার্থ ছবি—মুহূর্তের পর মুহূর্ত, ফ্রেমের পর ফ্রেম—গোটা ছবিতেই ছিল নিষ্করুণ সত্যের প্রদর্শন। যাতে উঠে এসেছে সামাজিক, রাজনৈতিক এবং মানবিক দৃশ্যাবলি। এটি একটি রাষ্ট্র জন্ম নেওয়ার ভ্রূণ, যেখানে আগুনে পুড়ছে ব্যাপ্টিজম, রক্ত এবং প্রাণের বিনিময়ে জন্ম নিচ্ছে একটি দেশ। বিস্তৃত দৃশ্যপটে ধরা পরে রক্ত-মাংস-নৃশংসতা— একদিকে নিষ্ঠুরতা অন্যদিকে স্বপ্ন। সবকিছু মিলিয়ে ছবির নির্মাতাদের অঙ্গীকার, ঝলসিত অনুরাগ একটি ইতিহাসকে সমকালীন রূপ দিয়েছে।’সৈয়দ শামসুল হক বললেন, ‘এটি একটি মর্মস্পর্শী মহৎ ছবি। শিল্পের বিচারে, ইতিহাস চেতনা জাগ্রত করতে ছবিটা বিশাল ভূমিকা রেখেছে। আর এ কারণেই ছবিটা প্রদর্শনীর টানা ১০০ দিন পূর্ণ করতে পেরেছে। আমি নিজেও ছবিটি দেখেছি। তখন অনেক তরুণ তন্ময় হয়ে, নিবিষ্ট মনে ছবিটি দেখছিল। প্রদর্শনীর পর অনেকেই আমার কাছে জানতে চায়, মুক্তিযুদ্ধে যা ঘটেছিল, তার সবটাই কি এখানে উঠে এসেছে? আমি তাদের বলেছি, ১০০ ভাগের এক ভাগও এখানে আসেনি। তার চেয়েও অনেক ভয়াবহ ছিল মুক্তিযুদ্ধ। আমি বলব, নাসির উদ্দীন ইউসুফ অসাধারণ একটি ছবি তৈরি করেছেন। একে শুধু চলচ্চিত্র বললে ভুল হবে, এটি মুক্তিযুদ্ধের অসামান্য দলিল। শততম নয়, আমি আশা করব, এই ছবি সহস্র রজনী পূর্ণ করবে।’ ছবির অন্যতম অভিনয়শিল্পী জয়া আহসান বলেন, ‘আমার অভিনয়জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে গেরিলা।’ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শম্পা রেজা, আহমেদ রুবেল, অপূর্ব মজুমদার, কচি খন্দকার প্রমুখ। শিল্প নিদের্শনা দিয়েছেন অনিমেষ আইচ, পোশাক পরিকল্পনা ও সংগীত পরিচালনা করেছেন শিমূল ইউসুফ। সরকারি অনুদানে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান ও এশা ইউসুফ।