প্রেক্ষাগৃহে ‘রানওয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কোনো প্রেক্ষাগৃহে নয়, তারেক মাসুদ পরিচালিত রানওয়ে ছবিটি বাণিজ্যিকভাবে প্রথম মুক্তি পাচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুর বেতিলের স্বপ্নপুরী সিনেমা হলে। এ রকম একটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারেক মাসুদ বলেন, ‘প্রায় দুই মাস দেশের বিভিন্ন জেলা শহরে বিকল্প ব্যবস্থায় দর্শনীর বিনিময়ে আমরা রানওয়ে ছবিটির সফল প্রদর্শনী করেছি। তারই ধারাবাহিকতায় কোনো শহরের পরিবর্তে প্রত্যন্ত অঞ্চলে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তারেক মাসুদ আরও বলেন, ‘জেলা শহরের বাইরে সাধারণ মানুষের বিনোদনের একমাত্র উপায় সিনেমা। অথচ নিম্নমানের প্রজেকশন ও সাউন্ড সিস্টেমের কারণে এবং ভালো ছবির অভাবে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতি সরবরাহের মাধ্যমে আমরা প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।’তারেক মাসুদ জানান, তাঁতশিল্পের ওপর নির্ভরশীল এই বিস্তীর্ণ এলাকায় রয়েছে ১৫টি প্রেক্ষাগৃহ। পর্যায়ক্রমে এই সব কটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।